সকাল ৮টার পর কক্সবাজার শহরে ঢুকতে পারবে না বাস
সকাল ৮টার পর কোনো যাত্রীবাহী বাস কক্সবাজার শহরে ঢুকতে পারবে না। শহর যানজটমুক্ত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
প্রশাসন সূত্র জানায়, শহরের যানজট নিরসনের লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খালেদ মাহমুদকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটির সদস্যরা পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে যানজট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত নেন। গত বৃহস্পতিবার খালেদ মাহমুদের নেতৃত্বে কমিটির সদস্যরা বাসের কাউন্টারে গিয়ে সকাল ৮টার পর শহরে বাস না ঢোকানোর নির্দেশনা জারি করেন।
সকাল ৮টার আগে ও রাত ৮টার পর দূরপাল্লার বাস শহরের টিকিট কাউন্টার থেকে যাত্রী তুলতে পারবে।
এডিএম খালেদ মাহমুদ বলেন, কলাতলী সড়কে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাস প্রবেশ এবং ওই সড়কে যাত্রী ওঠানামা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ২৭ মার্চ থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবেন। নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন ভ্রাম্যমাণ আদালত।
কক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নঈমুল হক চৌধুরী বলেন, পর্যটকদের সুবিধার্থে পরিবহন মালিকপক্ষ প্রশাসনের এ সিদ্ধান্ত মেনে নিয়েছে।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, শহর যানজটমুক্ত করতে প্রশাসনের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।