সকালে অপহরণ, সন্ধ্যায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে অপহরণের সাত ঘণ্টা পর তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ওই তিন শিশু অপহৃত হয়। সন্ধ্যায় সান্তাহার বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাঁদের উদ্ধার করে।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাসার সামনে থেকে সান্তাহার হাউজিং কলোনি এলাকার প্রবীর কুমারের ছেলে প্রেম কুমার (১০), সুকুমার রায়ের ছেলে সাগর কুমার (১০) ও আবদুল মান্নানের ছেলে হৃদয় হোসেনকে (১১) অপহরণকারীরা ধরে নিয়ে যায়। বেলা তিনটার দিকে প্রবীর কুমারের মুঠোফোনে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করে এক অপহরণকারী। প্রবীর কুমার সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেমকে বিষয়টি জানালে তিনি ঘটনাটি আদমদীঘি থানার পুলিশকে জানান।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির এসআই আবদুল আজিজ ও আবদুল মালেককে শিশুদের উদ্ধারের দায়িত্ব দেন। মুঠোফোনের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পুলিশের গতিবিধি আঁচ করতে পেরে অপহরণকারীরা বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই তিন শিশুকে সান্তাহার বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিশু প্রেম কুমার বলে, এক যুবক তাদের খাওয়ার লোভ দেখিয়ে সান্তাহার থেকে আদমদীঘি নিয়ে যায়। সেখানে বিভিন্ন দোকানে তাদের নানা ধরনের খাবার খেতে দেওয়া হয়। সন্ধ্যার কিছু আগে তাদের সান্তাহারগামী বাসে তুলে দেওয়া হয়।