সকালে আইনি নোটিশ, বিকেলে রিট আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা অসাংবিধানিক ঘোষণা চেয়ে গতকাল বুধবার বিকেলে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আর সকালে একই ধারা বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী।
আইসিটি আইনের ৫৭ ধারার প্রয়োগ ও ব্যবহার নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে গতকাল এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হলো।
বিকেলে আইসিটি আইনের ৫৭ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অবৈধ ঘোষণা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির একটি রিট আবেদন আদালতের সংশ্লিষ্ট শাখায় জমা দেন। তিনি প্রথম আলোকে বলেন, এ ধারা সংবিধানের ২৭, ৩১ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। আবেদনে আইনসচিব এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিবকে বিবাদী করা হয়েছে।
আইনটির ৫৭ ধারার (১) ও (২) উপধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করেন, যা মিথ্যা ও অশ্লীল বা কেউ এটা পড়লে, দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারেন, অথবা যার ফলে মানহানি হয়, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার আশঙ্কা তৈরি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন²হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে বা এ ধরনের তথ্যের মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির এ কাজ হবে একটি অপরাধ। কোনো ব্যক্তি এ অপরাধ করলে তিনি সর্বোচ্চ ১৪ বছর ও সর্বনিম্ন সাত বছর কারাদণ্ডে এবং সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানায় দণ্ডিত হবেন।
এর আগে সকালে আইসিটি আইনের ৫৭ ও ৮৬ ধারা বাতিল চেয়ে চার সচিবের কাছে আইনি নোটিশ পাঠান আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। তিনি প্রথম আলোকে বলেন, আইসিটি আইনের ওই দুটি ধারা সংবিধানের ২৭, ৩৯ ও ৪০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ দুটি ধারা বাতিল চেয়ে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব ও তথ্যসচিবকে নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দেওয়া হলে রিট আবেদন করা হবে।
আইনটির ৮৬ ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে সরল বিশ্বাসে করা কোনো কাজের ফলে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে বা হওয়ার আশঙ্কা থাকলে এ জন্য সরকার, নিয়ন্ত্রক, উপনিয়ন্ত্রক, সহকারী নিয়ন্ত্রক বা তাঁদের পক্ষে কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনি কার্যক্রম নেওয়া যাবে না।
২০০৬ সালে প্রণয়নের পর ২০০৯ ও ২০১৩ সালে দুই দফায় আইসিটি আইনটি সংশোধন করা হয়।