সকালে আনন্দ দুপুরে বিষাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে আনন্দ, দুপুরে বিষাদ। সকালে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদে সগৌরব পদার্পণ। দুপুরে পুলিশের দাবড়ানি, সাংসদের গাড়িতে আশ্রয় এবং পরে কর্মীরা ছিনিয়ে নেওয়ায় রক্ষা।
সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিনের গতকাল সোমবারের এক বেলার চিত্র এটি।
এই উপজেলার নবনির্বাচিত কফিল উদ্দিন। তিনি সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার। তিনি আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি।
উপজেলা পরিষদে অভিষেক উপলক্ষে গতকাল সকালে এঁদের জন্য ট্রাকে করে আনা ফুল রাস্তায় ছড়ানো হয়। বাদ্যযন্ত্রের শব্দে মুখর চারপাশ। সকাল নয়টায় হাজারো নেতা-কর্মীর মোটরসাইকেল শোভাযাত্রাসহ নেতারা আসেন। তাঁরা ফুল মাড়িয়ে প্রবেশ করেন উপজেলা পরিষদ চত্বরে। তারপর সমন্বয় কমিটির সভা, তা শেষ করে আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। ব্যস্ত সময় পার হচ্ছিল উপজেলায় অভিষেকের দিনে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কিন্তু আইনশৃঙ্খলা সভায় ঘটে বিপত্তি। সমন্বয় সভার মতো এই সভায়ও ছিলেন স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ ডা. এনামুর রহমান। সভা শুরুর পরপরই আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম হত্যাসহ বিভিন্ন মামলার আসামির সঙ্গে সভায় উপস্থিত থাকা সম্ভব নয় বলে সভাস্থল ত্যাগ করেন। এরপর তিনি মিলনায়তনের বাইরে অবস্থান নেন।
বেলা সাড়ে ১১টার দিকে সভা শেষে মিলনায়তন থেকে বের হলে সাভার থানার পুলিশ সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইবনে হাসিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর সাংসদ এনামুর রহমানের সঙ্গে বের হয়ে আসেন ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন। এ সময় আশুলিয়া থানার ওসি বদরুল আলম তাঁকে গ্রেপ্তার করতে গেলে তিনি সাংসদের গাড়িতে আশ্রয় নেন। সাংসদের অনুমতি নিয়ে ওসি তাঁকে গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের কাছ থেকে মঈন উদ্দিনকে ছিনিয়ে নিয়ে স্লোগান দিতে দিতে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ঢাকার পুলিশ লাইনের পরিদর্শক আলী আজমসহ জনা বিশেক কনস্টেবলকে কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সাইফুল ইবনে হাসিব পুলিশি হেফাজতে প্রথম আলোকে বলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব বুঝে নেওয়ার দিনে সাজানো মামলায় পুলিশ এভাবে গ্রেপ্তার করতে পারে, তা ধারণার বাইরে। তাঁর বিরুদ্ধে সাভার থানায় কয়েকটি নাশকতার মামলা আছে বলে জানান তিনি।
দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিনের বড় ভাই বিএনপিদলীয় সাবেক সাংসদ ও আশুলিয়া থানা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমার ভাইকে গ্রেপ্তার করার ইচ্ছে থাকলে পুলিশ আগেই করত। ঘটনার সময় সেখানে উপস্থিত বিপুলসংখ্যক পুলিশ সদস্যকেও কাজে লাগানো যেত। কিন্তু তা না করে শুধু নাটকীয়তা সৃষ্টির জন্যই মাত্র একজন কনস্টেবলকে নিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়। ফলে নেতা-কর্মীরা তাঁকে নিয়ে নির্বিঘ্নে চলে যান।’
আশুলিয়া থানার ওসি বদরুল আলম বলেন, ‘দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন পেট্রলবোমা হামলায় সিএনজিচালকসহ দুজনকে পুড়িয়ে মারার ঘটনাসহ একাধিক মামলার আসামি। একজন হত্যা মামলার আসামি জামিনে না থেকে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হতে পারেন, এটা আমি ভাবতেও পারিনি। তাঁকে পেয়ে যাওয়ায় সঙ্গে থাকা একজন কনস্টেবলকে নিয়েই গ্রেপ্তারের চেষ্টা চালাই।’
ঘটনাস্থলে একজন পরিদর্শকসহ জনা বিশেক পুলিশ থাকার পরেও তাদের সহায়তা পেলেন না কেন—জানতে চাইলে ওসি বলেন, ‘তারা আমার অধীনস্থ নয়। এ কারণে আমার ডাকে তারা সাড়া দেয়নি।’
জানতে চাইলে সাংসদ এনামুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পদাধিকারবলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। তাঁদের মধ্যে কে মামলার আসামি, তা আমার জানার কথা নয়। তবে মঈন উদ্দিন আমার গাড়িতে ওঠার পর পুলিশ এসে তাঁকে আসামি বললে আমি আর বাধা দিতে পারি না। তবে পুলিশ শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তারে ব্যর্থ হয়।’
আটোয়ারী উপজেলা চেয়ারম্যানসহ ১৭ জন কারাগারে: আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গতকাল সোমবার আটোয়ারী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্প্রতি রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ নিতে গেলে ওই মামলায় বিএনপির নেতা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দার রহমান ও ভাইস চেয়ারম্যান শাহজাহান আলীকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল তাঁরা পঞ্চগড়ের জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিমের আদালতে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই মামলায় ১৯ দলের আরও ১৫ জন নেতা-কর্মী গতকাল একই আদালতে আত্মসমর্পণ করলে জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গত বছরের ২৫ অক্টোবর আটোয়ারী থানার পুলিশের ওপর ১৯ দলের নেতা-কর্মীরা হামলা করেন। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে বিএনপির নেতা আব্দার রহমান, শাহজাহান আলীসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করে।