চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের কয়েকজন অনুত্তীর্ণ শিক্ষার্থী চতুর্থ বর্ষের পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণের সুযোগ পাওয়ার দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করার পর বিকেলে তা স্থগিত করেছেন।গতকাল মঙ্গলবার সকাল নয়টায় বিভাগীয় সভাপতির কার্যালয়ের সামনে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসিম হাসান ও বিভাগের শিক্ষকদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেল চারটার দিকে তাঁরা কর্মসূচি স্থগিত করেন। বিভাগ সূত্রে জানা যায়, পদার্থবিদ্যা বিভাগের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের অন্তত ২০ জন শিক্ষার্থী তৃতীয় বর্ষের নিয়মিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে ব্যর্থ হন। তাঁরা প্রথম সম্পূরক পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তাঁদের দ্বিতীয় সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। জানা যায়, নির্দিষ্ট সময়ে দ্বিতীয় সম্পূরক পরীক্ষা না নিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। এতে এসব শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে পারছেন না। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় সম্পূরক পরীক্ষা নিয়ে পরবর্তী শিক্ষাবর্ষের নিয়মিত পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু তা না করে চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভাগের শিক্ষকেরা এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁরা কর্মসূচি বুধবার সকাল পর্যন্ত স্থগিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও একই বিভাগের শিক্ষক নাসিম হাসান শিক্ষার্থীদের দাবি ন্যায্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে বুধবার সকালে (আজ) বিভাগে জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিভাগীয় সভাপতি ম. আদম সফিউল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।