সকালে উৎসাহ-উদ্দীপনায় শুরু সন্ধ্যায় ভাঙচুরের মধ্যে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে উৎসাহ-উদ্দীপনা এবং সন্ধ্যায় হামলা-ভাঙচুরের মধ্য দিয়ে গতকাল রোববার পাবনা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা শহরের অন্তত ৪০টি দোকান ও গাড়িতে ভাঙচুর চালিয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সাত বছর পর গতকাল জেলা ছাত্রলীগের সম্মেলন হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান। এরপর শুরু হয় আলোচনা পর্ব। জেলা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় জেলা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন। সবশেষে বক্তব্য দেন প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান অতিথির বক্তব্য শেষে বিকেল সাড়ে চারটায় মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। এ সময় ছাত্রলীগের একাংশের নেতারা প্রধান অতিথিসহ কেন্দ্রীয় নেতাদের ঘিরে ধরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। তবে প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতারা কোনো কথা না বলে সার্কিট হাউসে চলে যান। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আবদুল আজিজের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল হয়।সন্ধ্যা ছয়টায় শুরু হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। পৌনে সাতটা পর্যন্ত প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে যাননি। এর মধ্যে গুজব ওঠে, সার্কিট হাউসে বসে প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতারা আহম্মেদ শরীফকে সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেছেন। এতে মুহূর্তের মধ্যে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সম্মেলনকেন্দ্রে ভাঙচুর চালিয়ে রাস্তায় নেমে আসেন। মধ্যশহর আবদুল হামিদ সড়ক, অনন্ত বাজার ও টার্মিনালসহ পুরো শহরে ভাঙচুর চালানো শুরু করেন তাঁরা। একটি বেসরকারি ব্যাংক, ৩০টি দোকান ও ১০টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান তাঁরা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ জানান, বেশির ভাগ প্রার্থী নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রত্যাশা করেছিলেন। কিন্তু সমঝোতার মাধ্যমে কমিটি ঘোষণার খবরে বঞ্চিত নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।এ ব্যাপারে সম্মেলনের প্রধান অতিথি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, পুলিশ কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা শহরে ভাঙচুর চালিয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।