সকালে এক কথা বলেন বিকেলে আরেক কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্যার, আপনার কথায় আস্থা রাখতে পারি না। সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলেন। একা নির্বাচন করতে চাইলে এখনই মহাজোট ত্যাগ করুন।’ এরশাদকে উদ্দেশ করে জাতীয় পার্টির (জাপা) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুর রশীদ এ কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপার এক যৌথ সভায় সাতক্ষীরার আবদুর রশীদের মতো দলটির তৃণমূল পর্যায়ের বেশ কজন নেতা এরশাদকে এখনই মহাজোট থেকে বের হয়ে আসার তাগিদ দেন। আগামী নির্বাচন সামনে রেখে জাপার জেলা ও উপজেলা শাখার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই যৌথ সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দিনব্যাপী এই সভায় সারা দেশ থেকে আসা দলের ৫০ জনের অধিক প্রতিনিধি বক্তব্য দেন। প্রায় সবাই মহাজোট ছাড়তে এরশাদের প্রতি আহ্বান জানান।দলের খুলনার কয়রা উপজেলা শাখার নেতা মোস্তফা শফিকুল ইসলাম অনেকটা আকুতি করে এরশাদের উদ্দেশে বলেন, ‘আপনার হাতে ধরি, পায়ে ধরি, মহাজোটের জগদ্দল পাথর থেকে মুক্তি দিন। জাতীয় পার্টি যেন আর কখনো আওয়ামী লীগের সঙ্গে না যায়।’উদ্বোধনী বক্তৃতায় তৃণমূল নেতাদের খোলামেলা মতামত দিতে বলেন এরশাদ। তিনি বলেন, ‘আমি শুনতে চাই, গ্রামের মানুষ কী বলে? জাপাকে চায়, না অন্য কিছু চায়; তোমরা কী চাও। কোনো লজ্জাশরম নেই, রাখঢাক না করে বলবে।’মুক্তাগাছা উপজেলা কমিটির সভাপতি সালাহউদ্দিন দলীয় প্রধানের প্রতি বলেন, ‘আজকেই ইস্তফা দিয়ে মহাজোট থেকে বের হয়ে আসুন।’ জনগণ মন্ত্রিসভা থেকে জাপার মন্ত্রীর পদত্যাগ চায় বলে মন্তব্য করেন নড়াইল উপজেলার সহসভাপতি বেলাল আহমেদ।সকালে উদ্বোধনী বক্তৃতায় এরশাদ বলেন, ‘মানুষ দুই দলের কাছে জিম্মি। এদের হাত থেকে বাঁচতে মানুষ সন্ধানে আছে তৃতীয় শক্তির। জাতীয় পার্টিই সেই তৃতীয় শক্তি। কিন্তু জাতীয় পার্টির কথা তারা লজ্জায় বলে না।’ তিনি বলেন, ‘কোনো দল নির্বাচন করবে কী করবে না, এটা কোনো বিষয় নয়। আমরা নির্বাচন করব এবং একলা নির্বাচন করব।’দুপুরে আবার বক্তৃতায় এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হয়ে এককভাবে ক্ষমতায় যাওয়ার অবস্থায় নেই জাতীয় পার্টি।’ তিনি সন্ধ্যায় সমাপনী বক্তৃতায় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘একক নির্বাচনের প্রস্তুতি নাও, মহাজোট ছাড়ার সময় এসে গেছে।’ দলের ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি মকবুল হোসেন বলেন, ‘একা ভোট করতে চাইলে আসুন, এখনই জনগণের কাতারে যাই।’জাপার মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, ‘কাউকে আঘাত দিয়ে কিছু বলতে চাই না। পত্রিকা খুললেই দেখা যায়, দেশের অবস্থা কী?’ তিনি এরশাদের দিকে তাকিয়ে বলেন, ‘এখনো সপ্তাহে একবার কোর্টে যেতে হয়। মহাজোটে গিয়ে অনেক প্রত্যাশা ছিল, কিছুই পাইনি।’ সভায় দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ আগামী নির্বাচনে দলকে সম্মানজনক অবস্থানে নিতে নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান।