দুই দিন বন্ধ থাকার পর কারখানা খুলবে—এমন আশা নিয়ে গতকাল শনিবার সকালে বাসা থেকে বের হয়েছিলেন শাহনাজ পারভীন। হাতে খাবারের টিফিন ক্যারিয়ারও ছিল তাঁর। তবে কারখানা বন্ধ দেখে ঘুরেফিরে বাসায় ফিরে যান।
আশুলিয়ার গাজীরচটের শাহনাজ পারভীনের মতো অনেক শ্রমিকের সঙ্গে গতকাল প্রথম আলোর কথা হয়। শ্রমিকেরা জানান, আগেও বেশ কয়েকবার এক-দুই দিন বন্ধ থাকার পর কারখানা খুলে দেওয়া হয়েছে। তাই কারখানা খুলবে, এমন আশায় গতকাল সাতসকালেই হাজির হয়েছিলেন কারখানার ফটকে। তাঁরা কাজে ফিরতে চান।
বান্দো ডিজাইনের শাহনাজ বললেন, ‘আমরা কাজ করতে চাই। কাজ না করলে খামু কী। প্রতিদিনই কারখানার গেটে যাই। কিন্তু পুলিশ গেটে ভিড়তে দেয় না।’
আরেক শ্রমিক রীপা বেগম বলেন, ‘মালিকেরা সিদ্ধান্ত নিয়ে কারখানা খুলে দিক। যাতে মালিক বাঁচে, আমরাও বাঁচি।’
এদিকে তিন দিন বন্ধ রাখার পর মালিকেরা কারখানা খোলার বিষয়ে চিন্তাভাবনা করছেন। ঢাকায় বিজিএমইএর কার্যালয়ে গতকাল সন্ধ্যার পরে কারখানা খোলার বিষয়ে আশুলিয়ার পোশাকমালিকদের সঙ্গে সংগঠনের নেতাদের একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়।
বৈঠক শেষে রাত আটটার দিকে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান ও সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানান, ইতিমধ্যে পাঁচটি শ্রমিক সংগঠন কারখানা খোলার বিষয়ে লিখিত আবেদন করেছে। আজ রোববার আরও কয়েকটি শ্রমিক সংগঠন আবেদন করবে বলে আভাস পাওয়া গেছে। সবগুলো আবেদন নিয়ে সরকারের সঙ্গে আলোচনার পর পর্যাপ্ত নিরাপত্তা পেলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ-কালের মধ্যে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আশুলিয়ার পোশাকশ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে নাজমুল হুদা নামে সাভারের এক সাংবাদিককে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া আশুলিয়া থানায় ভাঙচুর, লুটপাট ও নাশকতার চেষ্টার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে মামলা করেছে চারটি কারখানা। সব মিলিয়ে আশুলিয়ার শ্রম অসন্তোষের ঘটনায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে নয়টি। আর এসব মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রম অসন্তোষের কারণে গত মঙ্গলবার বিজিএমইএ আশুলিয়ার ৫৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। পরদিন সকালে আরও চারটি কারখানা বন্ধ করে দেন মালিকেরা। সব কারখানার ফটকে পুলিশের পাহারাসহ পুরো শিল্পাঞ্চলের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
বন্ধ থাকা কারখানার সামনে গতকালও পুলিশের পাহারা ছিল। তবে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গতকাল খুলে দেওয়া হয়েছে। গত বুধবার কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ছিল। গতকাল দেখা গেল, নোটিশ নেই।
দুপুরের খাবারের বিরতির পর আবদুস সালাম নামের এক শ্রমিক কারখানাটিতে প্রবেশ করছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কারখানায় শ্রম অসন্তোষের ঘটনা ঘটেনি। অন্য কারখানায় ঝামেলা হওয়ায় আমাদেরটি বন্ধ হয়েছিল। আজ (গতকাল) কারখানা খুলে দিয়েছে। সব শ্রমিক কাজ করছেন।’
শ্রমিকেরা দুশ্চিন্তায়: কারখানা খুলে দেওয়ার পাশাপাশি মজুরি বৃদ্ধির দাবি করছিলেন শ্রমিকেরা। কিন্তু কারখানা বন্ধের পাশাপাশি এখন মজুরি বন্ধের সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। কারখানা কবে খুলবে সেটা নিয়েও তাঁরা পরিষ্কার কোনো ধারণা পাচ্ছেন না। এমন গুজবও ছড়িয়ে পড়েছে যে, ১ জানুয়ারির আগে কারখানা খুলছে না।
নারী শ্রমিক সালমা আক্তার বেতন বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে বললেন, ‘আমরা ৫-৬ হাজার টাকা মজুরি পাই। তার মধ্যে যদি আবার বেতন কাটা যায় তাহলে কিছুই থাকবে না। ঘরভাড়া কী দেব আর সংসারই বা কীভাবে চালাব।’
রাতুল হাসান নামের আরেক শ্রমিক বলেন, ‘আমরা তো চাই কারখানা খোলা হোক। কারখানা বন্ধ থাকলে তো আর আমরা চলতে পারব না। তবে অল্প কিছু টাকা মজুরি বাড়িয়ে দিলে আমাদের খুব উপকার হয়। এখন যে মজুরি পাই, সেই টাকায় সংসার চলে না।’
সাংবাদিক গ্রেপ্তার ও মামলা: আশুলিয়ার শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে গত শুক্রবার নাজমুল হুদা নামে সাভারের এক সাংবাদিককে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর ও একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি হিসেবে কাজ করেন। পুলিশ তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেছে। আশুলিয়া থানায় দায়ের করা মামলার বিবরণে বলা হয়েছে, পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির পাশাপাশি সরকারের ভাবমূর্তিÿক্ষুণ্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য মুঠোফোন ও ল্যাপটপ ব্যবহার করে নাজমুল মিথ্যা সংবাদ পরিবেশন করেন।
পুলিশের একাধিক সদস্য জানান, পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন গতকাল শনিবার নাজমুলের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এর আগে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর) কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, মিথ্যা সংবাদ প্রকাশ করে নাজমুল পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে আশুলিয়ার শিল্পাঞ্চলকে অশান্ত করার চেষ্টা চালান। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, পোশাকশ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে নাজমুলের বিরুদ্ধে ২০১৩ সালেও আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এ দিকে আশুলিয়া থানায় গত শুক্রবার শারমিন, রোজ ড্রেসেস, এনআরএন এবং গতকাল ডিকে ডিজাইন নামের পোশাক কারখানা কর্তৃপক্ষ পৃথক পৃথক মামলা করেছে। এসব মামলায় কারখানার শ্রমিকদের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও নাশকতার অভিযোগ আনা হয়েছে। এর আগে উইন্ডি, হা-মীম ও ফাউন্টেন নামের কারখানা কর্তৃপক্ষ মামলা করেছিল।
এ ছাড়া আশুলিয়ার শ্রম অসন্তোষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় সাভারের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মিনি আক্তারসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনসহ অর্ধশত বিএনপি সমর্থিত রাজনীতিক, ব্যবসায়ী ও শ্রমিকনেতাকে আসামি করা হয়।