মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগানের চাকরিচ্যুত এক কর্মচারীকে পুনর্বহালের দাবিতে সহকর্মীরা গতকাল মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। তবে বিকেলে বাগান কর্তৃপক্ষ ও কর্মচারী ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহবাজপুর চা-বাগান কর্তৃপক্ষ ৭ মে প্রতিষ্ঠানের কর্মচারী সাধন দেবকে অব্যাহতিপত্র দেয়। এই সিদ্ধান্তকে অমানবিক উল্লেখ করে কর্মচারীরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা প্রত্যাহারের জন্য একাধিকবার অনুরোধ করেন। কিন্তু তাতে কোনো সাড়া না পাওয়ায় গতকাল সকাল ছয়টা থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন। এ ব্যাপারে বিকেল চারটার দিকে বাগানের সভাকক্ষে একটি সমঝোতা বৈঠক বসে। সেখানে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার, বাগানের ব্যবস্থাপক শাহরিয়ার মাহমুদ, বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।মো. জাকারিয়া বৈঠকের সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, বাগানের কর্মকর্তারা সিদ্ধান্তটি প্রত্যাহারের আশ্বাস দেওয়ার পর কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।