সকালে দীর্ঘ সারি, বর্জনের পর ফাঁকা
সকালে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলমের বাড়ির আশপাশের কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের দীর্ঘ সারি। কিন্তু তাঁর নির্বাচন বর্জনের ঘোষণার পর কেন্দ্রগুলো ভোটারশূন্য হয়ে পড়ে।
সকাল নয়টায় উত্তর কাট্টলীর জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ও নারী ভোটারদের দীর্ঘ সারি। মনজুর আলমের বাড়ির অদূরের সংখ্যালঘু-অধ্যুষিত এই কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। সাড়ে নয়টায় হাজি দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের সারি দেখা গেছে। মনজুর আলম এ কেন্দ্রে ভোট দেন।
সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসা (পুরুষ) ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ৩০-৪০ জন লোক একসঙ্গে দোতলার করিডর দিয়ে ভেতরে ঢুকে পড়েন। এ সময় টিভি সাংবাদিকদের দেখে তাঁরা সটকে পড়েন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এ রকম ঘটনা চোখে পড়েনি। দু-একজন এলেও তাঁরা বেরিয়ে গেছেন।
সাড়ে ১০টার পর পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিক ফাউন্ডেশন ও হাজি ক্যাম্পের দুটি কেন্দ্রে দেখা যায়, ৩০-৪০ জন ব্যক্তি হাতি
প্রতীক-সংবলিত কার্ড নিয়ে মহড়া দিচ্ছেন।
বেলা পৌনে ১১টার পর এই কেন্দ্র থেকে মূল সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় প্রতিটি কেন্দ্রের সামনে দেখা গেছে হাতি প্রতীক-সংবলিত কার্ড গলায় ঝুলিয়ে মহড়া দিচ্ছেন যুবকেরা। এসব কেন্দ্রের কোথাও কমলালেবু প্রতীকের কোনো ক্যাম্প চোখে পড়েনি। সোয়া ১১টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যেতে থাকেন মনজুর আলমের পোলিং এজেন্টরা।