মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। সকালে নারী ও বিকেলে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি ছিল।
উপজেলার ৫৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুুপুরের আগে কোনো বুথে পুরুষদের দীর্ঘ সারি ছিল না। তাঁরা একজন একজন করে এসেছেন এবং ভোট দিয়ে চলে গেছেন। অপর দিকে নারীদের বুথে ছিল দীর্ঘ সারি।
সকালে নারীদের বেশি উপস্থিতির কারণ জানতে চাইলে ঠাকুরকান্দি গ্রামের মুনিরা খোন্দকার (৩০) বলেন, ‘দুপুরে বাড়িতে গিয়া রান্নাবান্না করতে অইবো। হেই লেইগ্যা সকাল সকালই ভোট দিবার আইচি।’ বিকেল তিনটার দিকে বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার আজমত মিয়া (৪৫) বলেন, ‘ইরি ধানের খেতে আগাছা অইছে। সকালে হেই আগাছা পরিষ্কার করচি। তাই দুপুরে খাইয়া ভোট দিবার আইলাম।’
পর্যবেক্ষণ করা ১২টি কেন্দ্রসহ কোথাও কোনো প্রার্থীর তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুই-একটি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থী হাবিবুর রহমানের কোনো এজেন্টকে দেখা যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসাইন জানান, ঘিওর উপজেলায় মোট ভোটার এক লাখ সাত হাজার ৪০৬ জন। এখানে পুরুষের থেকে নারী ভোটারের সংখ্যা বেশি।