সকালে নারী, বিকেলে পুরুষের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। এ সময় সকালে নারী এবং বিকেলে পুরুষেরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: মোহনপুর উপজেলার ৮২টি কেন্দ্রের মধ্যে অন্তত ১৫টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুপুরের আগে কোথাও কোনো বুথে পুরুষদের লাইন ছিল না। তাঁরা একজন একজন করে এসেছেন। ভোট দিয়ে চলে গেছেন। অন্যদিকে, নারীদের বুথে ছিল উপচেপড়া ভিড়। তাঁরা দুপুরের আগেই দল বেঁধে ভোট দিতে এসেছেন।

সকাল ১০টায় বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের মোট ১২টি বুথের মধ্যে ছয়টি নারী বুথ। ছয়টিতেই দীর্ঘ সারি। অন্যদিকে, পুরুদের ছয়টির একটিতে দাঁড়ানো কোনো ভোটার নেই। বেলা সাড়ে ১১টায় বাকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ বুথে একটি ভোটারও নেই। একই সময়ে নারীদের একটি বুথের সামনে প্রায় ২০০ ভোটার দাঁড়িয়ে রয়েছেন। বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্রও একই রকম।

সকালে নারীদের উপস্থিতির ব্যাপারে মতামত জানতে চাইলে কাজী ভাতুড়িয়া গ্রামের জাহেরা বেগম (৫০) বলেন, তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়িতে গিয়ে রান্না করব। বাড়ির লোক বিলে গেছে। দুপুরে বাড়িতে এসে ওই খাবার খেয়ে ভোট দিতে আসবেন। এ জন্যই সকাল সকাল এসেছেন।

বিকেলে তিনটার পর থেকে আবার পুরুষদের বুথে ভিড় জমতে শুরু করে। তখন নারীদের বুথ ছিল একেবারেই ফাঁকা। বেড়াবাড়ি কেন্দ্রের ভোটার ইউনুস মণ্ডল (৪০) বলেন, এখন বোরো আবাদের মাঠ ছেড়ে থাকার উপায় নেই। সবাই মাঠে গিয়েছিল। প্রতিদিন বিকেল চারটায় মাঠ থেকে শ্রমিকদের ছাড়া হয়। কিন্তু ভোট থাকার কারণে শ্রমিকেরাও সকাল করে মাঠে গিয়েছিলেন। এ জন্য তিনটার একটু আগেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁদের এলাকায় চারটি জুট মিল রয়েছে। এই মিলেও অনেক শ্রমিক কাজ করেন। তাঁদের উপজেলার একটি মিলের শ্রমিকদের ছুটি দিয়েছে কিন্তু পার্শ্ববর্তী পবা উপজেলার তিনটি মিলে শ্রমিকেরা বিকেল ছাড়া ছুটি পাননি। এ জন্য পুরুষদের আসতে দেরি হয়েছে।

অবশ্য জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, মোহনপুর উপজেলায় নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে বেশি।

দুপচাঁচিয়া (বগুড়া): উপজেলার ৫৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। কোনো কেন্দ্রেই কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সখিনা বেগম নির্বাচিত হন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৯২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। শুরুতে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ে। এখানে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।