সকালে নারী ভোটার কিছুটা কম
নারায়ণগঞ্জ বন্দরের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোটারদের উপচে পড়া ভিড় চোখে পড়েনি। পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি কিছুটা কম।
বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি নারী ভোটারদের। এখানে মোট ভোট ৩ হাজার ৬৪০টি। প্রথম দুই ঘণ্টায় ৪৪০ ভোট পড়েছে। অর্থাৎ, ১২ শতাংশ ভোট পড়েছে। প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ৪ শতাংশ। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সবুর খান বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের উপস্থিতি বাড়বে বলে তিনি আশা করছেন।
একরামপুর প্রাথমিক স্কুলে নারীদের ও পুরুষদের আলাদা ভোটকেন্দ্র রয়েছে। নারী কেন্দ্রে মোট ভোট ৩ হাজার ১৯টি। সকাল ১০টা পর্যন্ত ৩১০টি ভোট পড়েছে। পুরুষ কেন্দ্রে ভোটার ৩ হাজার ৪০। সকাল ১০টা পর্যন্ত ৫০০ ভোট পড়েছে।
সকাল সাড়ে নয়টার দিকে একরামপুরে কেন্দ্রে গিয়ে দুজন ম্যাজিস্ট্রেটকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেন্দ্রের বাইরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।