সকালে নারীদের উপস্থিতি ছিল বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সাতটি ও চিলমারীর ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভূরুঙ্গামারীর বেশির ভাগ ভোটকেন্দ্রে সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুর নাগাদ কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়ে।
জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, দুই উপজেলার ১৩টি ইউপিতে শান্তিপূর্ণ ভোট হয়েছে।
সকালে ভূরুঙ্গামারীর কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে উৎসবের আমেজ দেখা যায়। ভোটাররা সকাল সকাল ভোটকেন্দ্রে আসেন। বেলা দুইটা পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ মাথায় নিয়ে ভোটারদের ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়ে থাকতে হয়। বেশির ভাগ বুথ ছিল ছোট পরিসরে ও অন্ধকারাচ্ছন্ন। সিল ও কালি ছিল নিম্নমানের। ফলে প্রথম দুই ঘণ্টা ভোটের গতি মন্থর ছিল।
সকাল সাড়ে ১০টার দিকে ভূরুঙ্গামারীর আন্ধারীরঝাড় বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা যায় নারী ভোটারদের উপচে পড়া ভিড়। পুরুষ ভোটারদের সারি ফাঁকা। বেলা ১১টার দিকে মোগলকাটা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রেও একই অবস্থা দেখা যায়। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জহুরুল হক প্রধান বলেন, এখানে নারী ভোটার বেশি। ১ হাজার ৫৬৪ জন ভোটারের মধ্যে ৮৬৪ জন নারী। এ পর্যন্ত ভোট পড়েছে ৪৮০টি। এখানে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে।
একই ইউনিয়নের দক্ষিণ চর বারুইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, প্রচণ্ড রোদে নারী ও পুরুষ ভোটাররা সারিতে দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের পাশেই বাড়ি কোহিনুর ও জেলেখার। সাত মাসের সন্তানকে নিয়ে সারিতে দাঁড়িয়ে আছেন জেলেখা। তিনি বলেন, ‘পছন্দের লোকরেই ভোট দিমু।’
পাইকেরছড়া ইউপির বেলদহ দাখিল মাদ্রাসা, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, পাইকেরছড়া ফেডারেশন ও দলবাড়ি উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেল, সবখানে সাজ সাজ রব। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে শত শত মানুষ।
জয়মনিরহাট ইউপির জয়মনিরহাট উচ্চবিদ্যালয় ও শহীদ লেফটেন্যান্ট সামাদ নগর টেকনিক্যাল কলেজ কেন্দ্রে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়। এর বেশির ভাগ নারী ভোট। পরে পুরুষ ভোটারদের ভিড় বাড়ে। ওই কেন্দ্রে প্রথমবার ভোট দিতে এসে ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের ছাত্রী শিলা ও আরিফা বলেন, ‘এত দিন খবরে ভোট সম্পর্কে যে হানাহানির ঘটনা দেখলাম, তার একবিন্দু সমস্যা নেই এখানে।’
পুলিশ সুপার (এসপি) তবারক উল্ল্যাহ বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিয়েছে।