সকালে পলায়ন, বিকেলে আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া এক আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে শিবচরের কুতুবপুর গ্রাম থেকে শহিদুল হাওলাদার (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে আজ সকালে মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের নিচতলা থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব। প্রথম আলোকে তিনি বলেন, আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চুরি, হত্যাসহ একাধিক মামলার আসামি শহিদুল হাওলাদার পালিয়ে যান। পরে বিকেলেই শিবচরের একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়িত্বে গাফিলতির কারণে একজন শিক্ষানবিশ উপপরিদর্শকসহ (পিএসআই) আটজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শহিদুল হাওলাদার শিবচর উপজেলার তাহের আকনেরকান্দি গ্রামের বাফের হাওলাদারের ছেলে। শহিদুলকে শিবচর থানার একটি চুরির মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ এপ্রিল তাহের আকনেরকান্দি গ্রামে একটি দোকানের মালামাল চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক ফারুক ফকির বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শিবচর থানায় একটি মামলা করেন। এ মামলার অজ্ঞাত আসামি হিসেবে গত ৫ অক্টোবর শহিদুলকে গ্রেপ্তার করে শিবচর থানার পুলিশ। পরে আজ সোমবার সকালে তাঁকে আদালতে হাজির করতে আনা হয়। এ সময় শহিদুলের সঙ্গে আরও ৩৪ জন আসামি পুলিশের ভ্যানে ছিলেন। সেখান থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান শহিদুল।