সকালে পালিয়ে রাতে 'বন্দুকযুদ্ধে' নিহত এমরান ডাকাত
নোয়াখালীর হাতিয়ার জলদস্যু এমরান বাহিনীর প্রধান ১৬ মামলার আসামি এমরান হোসেন ওরফে এমরান ডাকাত (৩৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এবং তাঁর সহযোগী জসিম উদ্দিন ওরফে জসিম ডাকাত (৩২) গণপিটুনিতে নিহত হয়েছেন।
আজ সোমবার রাত সোয়া নয়টার দিকে হাতিয়ার হরনী ইউনিয়নের দরবেশ বাজার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে এমরানের আর্মস কমান্ডার হিসেবে পরিচিত সাধু মাঝিকে আহত অবস্থায় আটক করে।
এর আগে সকালে এমরান হোসেন ও তাঁর সহযোগী জসিম উদ্দিন পুলিশের কাছ থেকে পালিয়ে যান।
‘বন্দুকযুদ্ধে’র পর ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি বন্দুক, ছয়টি গুলি, পাঁচটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ নিহত এমরান ডাকাত হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মেঘফ্যাশন গ্রামের মৃত কামালউদ্দিনের পুত্র। তাঁর বিরুদ্ধে হাতিয়া থানায়ই হত্যা, ডাকাতি, ধর্ষণ ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, সকালে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার পর এমরান ডাকাত সহযোগীদের নিয়ে দরবেশ বাজার এলাকায় অবস্থান করছিল। এ খবর পেয়ে পুলিশের একটি দল সেদিকে গেলে দস্যুরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুইপক্ষের মধ্যে কিছুক্ষণ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে ঘটনাস্থলে গুলিতে এমরান ডাকাত নিহত হয়। পরে এলাকাবাসি এমরানের সহযোগী জসিম ডাকাতকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এমরানকে রোববার সকালে চট্টগ্রামের চন্দ্রনগর এলাকা থেকে বায়োজিদ বোস্তামি থানার পুলিশ আটক করে। পরে তাঁকে নোয়াখালী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে তাঁকে নোয়াখালী সদর (সুধারাম) থানায় রাখা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুর রহমান দুপুরের দিকে প্রথম আলো ডটকমকে জানান, সকাল থেকে তাঁরা জামায়াত-শিবিরের সম্ভাব্য বিক্ষোভ কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন। সকাল ১০টার দিকে থানা থেকে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাঁকে হাজতে থাকা দুই আসামি এমরান ও তাঁর সহযোগী বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েছে বলে জানান। তিনি বলেন, ‘আমি তাত্ক্ষণিক দুই আসামিকে (এমরান ডাকাত ও সহযোগী জসিম) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিত্সা দেওয়ার জন্য পরামর্শ দিই। থানা থেকে সিএনজিচালিত অটোরিকশায় দুই কনস্টেবল আসামিদের হাসপাতালে নেওয়ার পথে হাসপাতাল সড়কে কনস্টেলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান তাঁরা।’
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রীতিময় চাকমা ও অন্তিম চাকমা নামের দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। ১২ ঘণ্টার মধ্যে পালিয়ে যাওয়া ওই দুই জলদস্যু ধরা না পড়লে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও তিনি তখন জানিয়েছিলেন।