
এসএসসি পরীক্ষা শেষ। তাই হাতে অখণ্ড অবসর। এই সুযোগে মায়েদের সঙ্গে বৈশাখী মেলায় ঘুরতে এসেছে রামিসা আনজুম, মেহনাজ খানসহ চার বন্ধু। বাংলা একাডেমির নজরুল চত্বরে রাজশাহীর আবদুল জলিল মণ্ডলের বায়োস্কোপ দেখে শুরু হয় তাদের মেলা দেখা।
রামিসাদের মতো আরও অনেকে ঘুরতে আসছেন বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৈশাখী মেলায়। পয়লা বৈশাখে শুরু হয়েছে মেলা। চলবে ১০ বৈশাখ পর্যন্ত। বাংলা একাডেমি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে কুটিরশিল্পীরা অংশ নিয়েছেন।
প্রতিদিন সকাল ১০টায় মেলা শুরু হয়। তবে দিনের বেলায় দর্শনার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। বিকেলে রোদের তেজ কমে যাওয়ার পর মেলা জমে উঠতে শুরু করে।
বিসিকের এই মেলায় পাওয়া যাচ্ছে পাটজাত পণ্য, কাঠের পুতুল, মাটির পুতুল, বাঁশ ও বেতের তৈরি উপকরণ। এ ছাড়া পাওয়া যাচ্ছে তাঁতবস্ত্র ও জামদানি শাড়ি।
মেলা ঘুরে দেখা যায়, মেলার বিভিন্ন স্টলে বিক্রি হচ্ছে বাঁশি, একতারা, ডুগডুগি, খঞ্জনি, ঢোল। আছে ঘর সাজানোর উপকরণও। মেলায় মিলছে হাতের কাজের, ব্লক ও বাটিকের থ্রিপিস, টুপিস, সিঙ্গেল পিসের জামা। কাপড়ের তৈরি হাতব্যাগ, বিছানার চাদর, পর্দার কাপড়। পাওয়া যাচ্ছে শীতলপাটি ও নকশিকাঁথা।
বাংলা একাডেমি ভবনের সামনে স্টল দিয়েছে বিভিন্ন জেলা থেকে আসা ১০টি প্রতিষ্ঠান। সেখানে বসে টেপা পুতুল বানাতে দেখা যায় রাজশাহী থেকে আসা সুবোধ কুমার পালকে। আর মাটির খেলনা, ছোট ছোট হাঁড়ি-পাতিলে রং করছিলেন আরেকজন।
মেলায় অংশ নেওয়া কুষ্টিয়ার কারুশিল্পী আমিরুল ইসলাম বলেন, মেলায় বিক্রি তুলনামূলক কম। সন্ধ্যায় যখন লোকজনের আসা শুরু হয়, তখন মেলা বন্ধ হওয়ার সময় হয়ে যায়।
তবে ভিন্ন বক্তব্যও আছে। মেলায় অংশ নেওয়া মহুয়া ফ্যাশনের মালিক যশোরের খাদিজা খানম প্রথম আলোকে বলেন, তাঁর স্টলে হাতের কাজের কামিজ বেশ ভালো বিক্রি হচ্ছে।
মেলায় আছে পুতুলনাচ দেখার ব্যবস্থা। আছে নাগরদোলাও। সব বয়সের লোকজনকে নাগরদোলায় চড়তে দেখা যায়।
বিসিকের প্রধান নকশাবিদ মো. বশির আহমেদ বলেন, ১৯৭৮ সাল থেকে বিসিক এই মেলার আয়োজন করছে। এবারের মেলায় ১৯০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। স্টলের মালিকদের আরও বেশি চাহিদা ছিল। কিন্তু জায়গার স্বল্পতার কারণে দেওয়া যায়নি। তিনি বলেন, ১০টি স্টলকে বিনা ভাড়ায় মেলায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।