শিক্ষকদের কর্মবিরতির জের ধরে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে বিকেলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় এবং অধ্যক্ষ পদত্যাগ করার ঘোষণ দেন। আন্দোলনরত শিক্ষক-চিকিৎ সক ও শিক্ষার্থীদের বিবরণ অনুযায়ী, একটি এন্ডোসকপি মেশিন চালু করা নিয়ে গত ১৪ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ হামিদ আসগরের সঙ্গে গ্যাস্ট্রোলজি বিভাগের প্রধান আহাদ আলী মোড়লের বিরোধ হয়। এ সময় কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। ওই ঘটনার প্রতিকার চেয়ে বিএমএর সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎ সক পরিষদের (স্বাচিপ) নেতা শেখ বাহারুল আলমের নেতৃত্বে ১৫ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত চিকিৎ সকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় চিকিৎ সক নেতারা শনিবার থেকে খুলনার সব হাসপাতালে কর্মবিরতির ডাক দেন। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজের কয়েক শ শিক্ষার্থী সাত দফা দাবিতে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করতে থাকেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণ, শিক্ষক-সংকটের সমাধান ইত্যাদি। শিক্ষার্থীরা গতকাল সকালে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেন। অবরুদ্ধ করে রাখা হয় অধ্যক্ষকে। সকাল সাড়ে নয়টায় অধ্যক্ষের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা হয়। সভার পর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কলেজ বন্ধের সিদ্ধান্ত জানতে পেরে আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে ‘এক দফা এক দাবি, প্রিন্সিপাল বিদায় হবি’ স্লোগানে প্রশাসনিক ভবন মুখরিত করে তোলেন। বেলা দুইটায় অধ্যক্ষের কক্ষে ঢোকেন বিএমএর সহসভাপতি নেতা শেখ বাহারুল আলম। পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। বেলা পৌনে তিনটায় অধ্যক্ষ তাঁর কার্যালয়ের বাইরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যখন ছাড়ছ না, তখন আমি থাকব না। তবে আমি খুলনা সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা বলব। আর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা কার্যকর হবে না।’ এ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। এ সময় আন্দোলনরত পঞ্চম বর্ষের নাইমুল আলম বলেন, ‘আমরা পরবর্তী পদক্ষেপ দেখতে সাত দিনের জন্য কর্মসূচি স্থগিত করলাম।’ বিএমএর নেতা শেখ বাহারুল আলম প্রথম আলোকে বলেন, অধ্যক্ষ আসগর মৌখিকভাবে পদত্যাগ করেছেন। পাশাপাশি তিনি কলেজ বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছেন এবং ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।