কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইলিয়াস হোসেন ওরফে সবুজের মুক্তির দাবিতে গতকাল রোববার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁর অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেন। এ সময় ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। পরে বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে ১৭টি বিভাগের প্রধান, ডিন, চারটি হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির বৈঠক হয়। বৈঠকে উপাচার্য পুরোদমে সব বিভাগে ক্লাস ও পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ব্যাহতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শী অন্তত পাঁচজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের বাস আটকে দেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ও লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইলিয়াসের অনুসারী ইলিয়াস মুক্তি পরিষদের সদস্যরা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেন। পাশাপাশি বেলা ১১টা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করেন। এরপর কর্মসূচি প্রত্যাহার করা হয়।
জানতে চাইলে ইলিয়াস মুক্তি পরিষদের আহ্বায়ক ফখরুল পারভেজ বলেন, সকালের দিকে আন্দোলন হয়েছে। এরপর তালা খুলে দেওয়া হয়।
প্রক্টর আইনুল হক বলেন, সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়া হয়। পরে খুলে দেওয়া হয়। এরপর তিনটি বিভাগে চূড়ান্ত পরীক্ষা হয়েছে। উপাচার্য তাঁর সঙ্গে বৈঠকে সবাইকে ক্লাস ও পরীক্ষা চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। কাল (আজ সোমবার) থেকে পুরোদমে ক্লাস হবে।
র্যা ব-১১ কুমিল্লার সদস্যরা গত ২৪ এপ্রিল কোটবাড়ির শালবন জাদুঘর এলাকার একটি পিকনিক স্পট থেকে ছাত্রলীগ নেতা ইলিয়াসকে আটক করেন। এরপর অস্ত্রসহ তাঁকে থানায় সোপর্দ করা হয়। ওই ঘটনার জের ধরে ২৬ এপ্রিল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগ।
এরপর ৩০ এপ্রিল ছাত্রলীগ সংবাদ সম্মেলন ডেকে ৪ মে থেকে ক্লাস ধর্মঘটের আওতামুক্ত বলে ঘোষণা দেয়। কিন্তু আগের রাতে ইলিয়াস হোসেনকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কার করে। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা ৫ ও ৬ মে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হতে দেননি।