সকালে বরাদ্দ, বিকেলে লোপাট
বিশেষ টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় গাইবান্ধার দুটি উপজেলায় ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লোপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ৩০ জুন সকালে চাল বরাদ্দের চিঠি পান দুই উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। অথচ ওই দিনই ছিল প্রকল্পের কাজ বাস্তবায়নের শেষ দিন। তাই তড়িঘড়ি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এমনকি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে মর্মে শ্রমিকদের মাস্টার রোলের তালিকা দাখিল করে সব চাল ওই দিনই তুলে নেওয়া হয়েছে।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ ফজলে রাব্বী মিয়া এই বরাদ্দ নিয়ে আসেন। এর মধ্যে সাঘাটা উপজেলায় ৫৮ মেট্রিক টন ও ফুলছড়িতে ৪২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।
জেলা ত্রাণ কর্মকর্তা শাহ আলম জানান, বিশেষ টিআর প্রকল্পের ক্ষেত্রে স্থানীয় সাংসদেরা প্রকল্পের তালিকা ও প্রকল্প কমিটি পিআইও কার্যালয়ে দাখিল করেন। এই তালিকা জেলা প্রশাসক অনুমোদন দেন। নিয়ম অনুযায়ী প্রকল্প কমিটি দাখিল করলে প্রথম কিস্তিতে বরাদ্দের অর্ধেক চাল বা গম ছাড় করা হয়। অর্ধেক কাজ সম্পন্ন হওয়ার পর মাস্টার রোলের তালিকায় প্রকল্পে কাজ করা শ্রমিকদের স্বাক্ষর নিয়ে অবশিষ্ট চাল বা গম ছাড় করা হয়।
আওয়ামী লীগের ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম পারভেজ অভিযোগ করেন, সকালে বরাদ্দ এনে বিকেলের মধ্যেই লুটপাট করা হয়েছে। ফুলছড়ির পিআইও আবু হেনা মোস্তফা কামাল দাবি করেন, প্রকল্পের কাজের সময় পেরিয়ে গেলেও কাজ আদায় করে নেওয়া হবে। ইতিমধ্যে কিছু কাজ করিয়ে নেওয়া হয়েছে।
সাংসদ ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমিসহ ৪০ জন সাংসদ শেষ সময়ে বরাদ্দ পেয়েছি। গত ৩০ জুন প্রকল্পের কাজ সম্পন্ন করার শেষ দিন হলেও কাজে কোনো অনিয়ম হবে না। কারণ, যেসব কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তা দেরিতে হলেও সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রকল্পের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট পিআইও কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। লুটপাট করার কোনো সুযোগ নেই।’