সকালে বিক্ষোভ, দুপুরে উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার দুপুর সাড়ে ১২টা। চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়। ভ্যাট প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে খবর আসে, ভ্যাট প্রত্যাহার করে নিচ্ছে সরকার। মুহূর্তেই শিক্ষার্থীদের বিক্ষোভ পরিণত হয় উচ্ছ্বাসে।
এর আগে গতকাল বেলা ১১টার দিকে নগরের ও আর নিজাম সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১১টার দিকে তাঁরা ওয়াসা মোড় অবরোধ করেন। অবরোধের কারণে সিডিএ অ্যাভিনিউর দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গত রোববারও একই জায়গায় প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। সেদিন সড়কের এক পাশে অবস্থান নিয়েছিলেন তাঁরা।
সরকার ভ্যাট প্রত্যাহার করছে—এমন খবর আসার পর ওয়াসা মোড়ে অবস্থানকারী শিক্ষার্থীরা বিজয় চিহ্ন প্রদর্শন করেন এবং কোলাকুলি করে আনন্দ-উল্লাস প্রকাশ করতে থাকেন। এ সময় তাঁদের স্লোগানও পাল্টে যায়। আগে তাঁরা স্লোগান দিচ্ছিলেন ‘নো ভ্যাট, গুলি কর’। ভ্যাট প্রত্যাহারের খবরে তাঁরা ‘জিতল কারা, শিক্ষার্থীরা’ বলে স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা বিজয় মিছিল বের করেন। নগরের ২ নম্বর গেটে এসে মিছিল শেষ হয়। সেখানে আন্দোলন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ নামের সংগঠনের মুখপাত্র শিমুল গুপ্ত।
শিমুল গুপ্ত প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের মুখে সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। এখন রাস্তা থেকে আমরা ক্লাসে ফিরে যাব।’ আন্দোলনে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জুবাইর আলম বলেন, ভ্যাট প্রত্যাহারের দাবিতে এর আগে মানববন্ধন, সংহতি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও সরকার কর্ণপাত করেনি। ফলে বাধ্য হয়ে তাঁদের সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করতে হয়েছে।
জনদুর্ভোগ: শিক্ষার্থীদের অবরোধের কারণে রোববারের মতো গতকালও ওয়াসা মোড়কেন্দ্রিক সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সিডিএ অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে নগরবাসী।
পারিবারিক কাজে সিএনজিচালিত অটোরিকশাযোগে চকবাজার থেকে আগ্রাবাদ যাচ্ছিলেন আনোয়ারা বেগম। কিন্তু ওয়াসা মোড়ে তাঁর গাড়ি আটকে দেন আন্দোলনকারীরা। তখন বাধ্য হয়ে তিনি হেঁটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।
বেসরকারি চাকরিজীবী রাহাত উল্লাহ বলেন, শিক্ষার ওপর ভ্যাট আরোপ করার সিদ্ধান্ত অযৌক্তিক। শিক্ষার্থীদের দাবির প্রতি মানুষের সমর্থন আছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মানুষ দুর্ভোগ ও কষ্ট পেতে চায় না।
নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে বেলা একটা পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হয়।