সকালে বিজয় উল্লাস বিকেলে শোক মিছিল

সকালে আসামির সমর্থকদের বিজয় উল্লাস আর বিকেলে কালো কাপড় বেঁধে নিহত ব্যক্তির সমর্থকদের শোক মিছিল। এভাবেই পালিত হলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আনন্দ মোহন ঘোষের প্রথম মৃত্যুবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৃথক ওই কর্মসূচি পালন করেন।
গত বছরের ৭ জানুয়ারি পৌর মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হন। ওই দিন রাতেই যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ মোহন ঘোষ মারা যান। বর্তমান সাংসদ আনোয়ারুল আজীম আনারের সমর্থকেরা ওই হামলা চালান বলে অভিযোগ করেন নিহতের পরিবারের স্বজন ও সমর্থকেরা। পরে নিহতের ভাই তপন কুমার ঘোষ বাদী হয়ে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অনিল কুমার ভদ্র, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ইসরাইল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৯ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন।
গতকাল বিকেলে আনন্দ মোহন ঘোষের মৃত্যুবার্ষিকীর দিনে তাঁর সমর্থকেরা শহরে কালো কাপড়ে মুখ ঢেকে শোক মিছিল বের করেন। কালীগঞ্জের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে এই মিছিল শহর প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন স্থানীয় নেতারা।
এদিকে হত্যা মামলার ৩৮ নম্বর আসামি বারোবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ গত বুধবার আদালত থেকে জামিন পান। তিনি গতকাল সকালে কারাগার থেকে বের হলে শতাধিক মোটরসাইকেল, কয়েকটি প্রাইভেট কার ও মাইক্রোবাস শোভাযাত্রার মাধ্যমে তাঁকে বাড়িতে আনা হয়। পরে বারোবাজারে এক পথসভায় স্বপন জোয়ার্দ্দার, সাইফুল ইসলাম ও আবুল কালাম আজাদ বক্তব্য দেন।
আবুল কালাম আজাদ বলেন, তিনি গত ২৪ নভেম্বর অন্য একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠান। পরে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি দাবি করেন, ঘটনার দিন তিনি ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছিলেন। তারপরও তাঁকে রাজনৈতিক কারণে আসামি করা হয়েছে।
এদিকে নিহতের স্বজনদের অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে উপযুক্ত বিচার না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। এই মামলায় বুধবার এক আসামি জামিন পেয়েছেন, আর এক আসামি কারাগারে আছেন বলে শুনেছেন তিনি।