সকালে বিনা লটারিতে কাজ ভাগ, দুপুরে দরপত্র স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় ৪৪ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের কাজ গতকাল রোববার সকালে বিনা লটারিতে ভাগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপর ঠিকাদারদের বিক্ষোভের মুখে বিকেলে দরপত্র লটারির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে।
ঠিকাদার আক্তারুজ্জামান, মো. রিপন, মোজামেঞ্চল গাজী, শাহজাদা আকনসহ আরও কয়েকজন জানান, গতকাল বেলা ১১টায় নির্ধারিত সময়ে তাঁরা দরপত্র লটারির জন্য তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে যান। এ সময় সেখানে উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম তাঁদের জানান, লটারি সম্পন্ন হয়ে গেছে। এতে উত্তেজিত হয়ে কয়েকজন ঠিকাদার তাঁকে ধাওয়া করলে তিনি দৌড়ে তাঁর দপ্তর ছেড়ে পালিয়ে যান।
ইউএনও তোফাজ্জেল হোসেন বলেন, ‘পিআইও লটারির সময় সকাল সাড়ে নয়টায় নির্ধারণ করা হয়েছে বলে আমাকে জানান। তাই ওই সময়ে লটারি সম্পন্ন করা হয়েছে। অভিযোগ ওঠায় বেলা একটার দিকে লটারি স্থগিত করা হয়েছে।’ বিকেলে পিআইও জাহাঙ্গীর আলম জানান, ঝামেলার কারণে দরপত্র লটারি স্থগিত করা হয়েছে। তবে অনিয়মের বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো কথা বলেননি। ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালতলী উপজেলা সফরে যাবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এ উপজেলায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তড়িঘড়ি দরপত্র আহ্বান করা হচ্ছে।
সংশ্লিষ্ট ঠিকাদারেরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘গ্রামীণ রাস্তায় ছোট সেতু ও কালভার্ট নির্মাণ’ প্রকল্পের আওতায় তালতলী উপজেলার আমলকীতলা ও কেওড়া খালের ওপর ৪৪ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। গতকাল বেলা ১১টায় দরপত্রে অংশগ্রহণকারী ৬০ জন ঠিকাদারের উপস্থিতিতে লটারি করার সময় নির্ধারিত ছিল।
ঠিকাদারদের অভিযোগ, পিআইও সকাল সাড়ে নয়টার দিকে ঠিকাদারদের অনুপস্থিতিতে লটারি না করেই মেসার্স অ্যাটম এন্টারপ্রাইজ ও নূরজাহান এন্টারপ্রাইজের নামে আওয়ামী লীগের স্থানীয় নেতা ও ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে কাজ দুটি ভাগ করে দেন।