সকালে বিরতি, বিকেলে আবার বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে কয়েক ঘণ্টা বিরতির পর গতকাল বিকেল থেকে আবার মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকালে বৃষ্টি থামার পর বেশির ভাগ এলাকার পানি নেমে গেলেও কিছু নিচু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭৬ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে সোমবার ভোরের পর বেলা তিনটা পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। বেলা তিনটার দিকে পুনরায় মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এতে যেসব এলাকার পানি নামেনি সেখানকার মানুষের দুর্ভোগ বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের ব্যাপারীপাড়া, শোলকবহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, কাতালগঞ্জ, সিডিএ আবাসিক এলাকা, বাকলিয়া এবং হালিশহরের কয়েকটি স্থানে দুপুর পর্যন্ত সড়কে পানি দেখা গেছে। সবচেয়ে বেশি পানি দেখা গেছে নগরের ব্যাপারীপাড়া এবং সিডিএ আবাসিক এলাকায়। বৃষ্টি থামার ছয় ঘণ্টা পরও এসব এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই।
শোলকবহরের বাসিন্দা মো. ওসমান জানান, নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়ায় তাঁদের এলাকার পানি বৃষ্টি থামার পরও নামেনি।
এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি লঘুচাপের কারণে এখনো উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।