সকালে ভরা পরে ভোটারশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওই হানে বাইজ্যা গ্যাছে (মারামারি হচ্ছে)’—রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীদের হামলার খবর এভাবেই জানাল অদূরে রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই শিশু। গতকাল রোববার অনুষ্ঠিত পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্র এটি।
ওই হামলার পর বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, র‌্যাব-পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। সকালে ভোট গ্রহণ শুরুর পর এটিসহ উপজেলার ২৩টি কেন্দ্রেই ছিল বিপুলসংখ্যক নারী-পুরুষ ভোটারের উপস্থিতি। কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ।
সকাল ১০টার মধ্যে সাত-আটটি কেন্দ্র ঘুরে জানা যায়, গড়ে ৪০০-এর মতো ভোট পড়েছে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়েছে, হয়েছে নানা অনিয়ম। দুপুরের পর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলনা বললেই চলে।
বেলা পৌনে ১১টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল খালেক গাজীর (আনারস প্রতীক) ছেলে রেজাউল করিম গাজী ২০-২৫ জন যুবককে নিয়ে হামলা চালান রেখাখালী সুতারখালী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে। আতঙ্কে নারী ভোটাররা কেন্দ্র থেকে চলে যান। এ সময় জামায়াত-সমর্থিত প্রার্থী মাসুদ সাঈদীর (দোয়াত-কলম প্রতীক) সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এরপর রেজাউলের নেতৃত্বে ওই যুবকেরা পাশের রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে প্রথম আলোকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ কুমার কুন্ডু।
সকাল ১০টার দিকে বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত সাতজনকে পিরোজপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আবদুল খালেক গাজী দাবি করেন, ‘আটটি কেন্দ্রে জাল ভোট দিয়ে আমাদের ওপর জামায়াতের কর্মীরাই চড়াও হয়েছে। আমরা পুনরায় নির্বাচনের দাবি করছি।’
অন্যদিকে মাসুদ সাঈদী বলেন, ‘মাওলানা সাঈদীর (দেলাওয়ার হোসাইন সাঈদী) ওপর অত্যাচার করা হয়েছে। জিয়ানগরবাসী ব্যালটের মাধ্যমে এর জবাব দিয়েছে।’