সকালে ভিড় বিকেলে ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে গতকাল শনিবার কোনো রকম গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে ভোটকেন্দ্রগুলোতে ভিড় থাকলেও বিকেলে ভোটার উপস্থিতি ছিল কম।সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। প্রতিটি ভোটকেন্দ্রেই বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হকের কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সে তুলনায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের কর্মী-সমর্থকদের কম দেখা গেছে।ভোটার ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন, অত্যধিক গরমের কারণে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।ছেলের কাঁধে ভর করে সিলেট এমসি কলেজকেন্দ্রে ভোট দিতে আসেন ৭০ বছর বয়সী আফছার আলী। তিনি বলেন, খুব কষ্ট হয়েছে আসতে। তবে ভোট দিতে পেরে তিনি খুশি। তাঁর মতো আরও অনেক প্রবীণ ভোট দিতে এসেছেন। সকাল নয়টার দিকে ওই কেন্দ্রে দেখা যায়, পুরুষদের বুথে ভোটার কম। তবে নারীদের বুথগুলোতে ৩০-৪০ জনের সারি। প্রিসাইডিং কর্মকর্তা জানান, নয়টা পর্যন্ত প্রায় ২০০ ভোট গ্রহণ করা হয়। এ কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ১৭০।সকাল সাড়ে আটটার দিকে রায়নগরের বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দেখা যায়, ৩০০-৪০০ নারী ও পুরুষ ভোটারের লাইন।সকাল ১০টার দিকে শাহি ঈদগাহ এলাকার গ্রিন ফেয়ার কিন্ডারগার্টেন কেন্দ্রে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। শাহীনূর বেগম নামের এক ভোটার জানান, দেড় ঘণ্টা ধরে লাইনে আছেন, খুব বেশি এগোতে পারেননি।নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে বেলা ১১টার দিকে দেখা যায়, নারীদের বুথে লাইন। পুরুষ বুথের সামনে তেমন লাইন নেই। পোলিং কর্মকর্তারা জানান, সকালের দিকে প্রচুর ভোটার ছিল।দুপুরের চিত্র: বর্ণমালা পৌর প্রাথমিক বিদ্যালয় বেলা দেড়টার দিকে প্রায় ফাঁকা ছিল। স্থানীয় লোকজন জানান, সকালে ভোটারের উপস্থিতি বেশি ছিল। বেলা পৌনে দুইটার দিকে সিলেট আলিয়া মাদ্রাসাকেন্দ্রেও ছিল একই চিত্র। সেখানে ছয় হাজার ৪৭১ ভোটের মধ্যে পৌনে দুইটা পর্যন্ত পড়ে প্রায় তিন হাজার ৪০০ ভোট। তাঁতিপাড়ার দি এইডেড হাইস্কুল কেন্দ্র বিকেল সাড়ে তিনটায় ছিল ভোটারশূন্য। চারটা বাজার পাঁচ মিনিট আগে সর্বশেষ ভোট দিতে আসেন নাজমুল হক। তিনি বলেন, শেষ মুহূর্তে ভোটটা দিতে পেরে তিনি খুশি।ছোটখাটো ঘটনা: খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে একজন ভোটারকে একটি ব্যালট পেপার বেশি দেওয়ার অভিযোগ উঠলে দুপুর সাড়ে ১২টার দিকে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়কেন্দ্রে ভোটারদের মধ্যে সদ্য সাবেক মেয়র কামরানের স্ত্রী আসমা কামরানের প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ নিয়ে বেলা দুইটার দিকে গোলযোগ সৃষ্টি হয়। র‌্যাব এসে লাঠিপেটা করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাব্বির আহমদ জানান, জনৈক বহিরাগত নারী অভিযোগ দিতে এলে কেন্দ্রে কিছুটা গোলযোগের সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সুষ্ঠু নির্বাচন হয়েছে জানিয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সদর) এজাজ আহমদ প্রথম আলোকে বলেন, ‘ভোটের আগের রাত থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করায় ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমরা খুশি।’এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তিনজন, ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৫৭ হাজার ১৮১ জন এবং নারী এক লাখ ৩৩ হাজার ৮৬৫ জন। ভোটকেন্দ্র ছিল ১২৮টি।