সকালে ভোটকেন্দ্র ফাঁকা বিকেলে দীর্ঘ লাইন
ঘড়িতে তখন সকাল সাড়ে ১০টা। ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের ৪ নম্বর বুথ ফাঁকা। প্রার্থীদের এজেন্টরা আয়েশি সময় কাটাচ্ছিলেন, কেউ কেউ গল্প জুড়ে দিয়েছেন। কাউন্সিলর পদপ্রার্থী মোরশেদ আলমের এজেন্ট সৈয়দা সাহান আরা বেগম বললেন, ‘আমরা এখন বেকার।’ ওই বুথে প্রায় পাঁচ মিনিট অপেক্ষার পর একজন ভোটারের দেখা মিলল।ওই একই কেন্দ্রের একই বুথে বেলা সাড়ে তিনটায় গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। ৪ নম্বর বুথে ২০-২৫ জন ভোটার লাইন ধরে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন।মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের এজেন্ট রাহানেজার রাখী বললেন, ‘এখন কথা বলার সময় নেই। ভোটাররা সবাই একযোগে আসছেন। ভোট জালিয়াতির আশঙ্কা না থাকায় ভোটাররা তাড়াহুড়া করে সকালে আসেননি।’সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী বললেন, সোয়া ১০টা পর্যন্ত সোয়া দুই ঘণ্টায় মাত্র ৪৪টি ভোট পড়েছে। সে হিসাবে তিন মিনিটে একটি ভোট পড়েছে। এখন প্রতি মিনিটে ভোট নিতে হচ্ছে।বেলা তিনটায় সরকারি বালক উচ্চবিদ্যালয়ে গিয়েও দেখা গেল একই দৃশ্য। এজেন্টরা তালিকা নিয়ে ভোটারের নাম ও ছবি মেলাতে ব্যস্ত। একের পর এক ভোটার আসছেন, তাঁদের ৮০ শতাংশই নারী। মহিলা বুথ ১, ২ ও ৪ নম্বরে রীতিমতো দীর্ঘ লাইন পড়ে গেল।২ নম্বর বুথে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর এজেন্ট মাহমুদা খাতুন বলেন, ‘অন্য নির্বাচনে যেভাবে লাইন পড়ে, এবার সে রকম ছিল না। ফাঁকে ফাঁকে এসে লোকজন ভোট দিয়ে গেছে। কিন্তু দুপুরের পর পাল্টে গেছে সেই চিত্র।’সকালে দেরিতে এলেন কেন—এই প্রশ্নের জবাবে ফারজানা সুলতানা বললেন, ‘রান্না সেরে নিজে খেয়ে, স্বামী-সন্তানকে খাইয়ে ভোট দিতে এসেছি। আমার বাসা তো ভোটকেন্দ্র থেকে কাছেই।’ মুহসীন কলেজের ছাত্রী দিলরুবা ইয়াসমিন বললেন, ‘সকালে ভিড় হবে মনে করে আসিনি। খেয়েদেয়ে আসলাম আর কি!’