চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার ৩৭টি কেন্দ্রের মধ্যে ছয়টিতে সংঘর্ষ হয়। অন্যগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের দীর্ঘ সারি। দুপুরের আগেই বেশির ভাগ ভোট পড়ে। পরে দুপুর গড়ালে অনেক কেন্দ্র ফাঁকা হয়ে যায়।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত সদস্য পদে ২৮ জন ও সাধারণ সদস্য পদে ১৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কমে যায়। বেলা একটার সময় বেশির ভাগ কেন্দ্র ফাঁকা হয়ে পড়ে। এ কারণে কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তা ও বিভিন্ন প্রার্থীর এজেন্টরা বসে অলস সময় কাটান। কয়েকজন ভোটার প্রথম আলোকে বলেন, গন্ডগোল ও সংঘাতের আশঙ্কায় ভোটাররা দুপুরের আগেই ভোট দিয়ে বাড়ি ফিরে গেছেন।
বেলা একটা ১০ মিনিটে টামটা দক্ষিণ ইউপির ধোপল্লা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ কর্মকর্তা ও প্রার্থীর এজেন্টরা আলাপে মগ্ন। প্রিসাইডিং কর্মকর্তা আবু সাইদ বলেন, তাঁর কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৫২৫ জন। এ সময়ের মধ্যে ৯০০ ভোট পড়েছে।
বেলা দেড়টায় একই ইউপির আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খাবার খাচ্ছেন। প্রিসাইডিং কর্মকর্তা আশেকুর রহমান বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৫২ জন। দেড়টার মধ্যে ২ হাজার ভোট পড়েছে।
টামটা উত্তর ইউপির উয়ারুক উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা দুইটায় গিয়ে দেখা যায়, কোনো ভোটার নেই। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মীর মো. মোস্তফা কামাল বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩২৭ জন। দুইটা পর্যন্ত ৬৭ শতাংশ ভোট পড়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল মাসুদ বলেন, কয়েকটি কেন্দ্রের বাইরে বহিরাগতরা গন্ডগোলের চেষ্টা করে। তবে কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি।