সকালে মামলা, বিকেলে খারিজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে করা একটি মানহানির মামলা শুনানির পর বিকেলে খারিজ করে দিয়েছেন বগুড়ার একটি আদালত।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে গত ২৯ নভেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে ‘দুই আনার মন্ত্রী’ বলে মন্তব্য করার মাধ্যমে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে দণ্ডবিধির ৫০০ ধারায় বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এ মামলাটি দায়ের করেন জেলার সারিয়াকান্দি উপজেলার চরশিমুল তাইর গ্রামের জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। মামলায় আদালতের কাছে তিনি সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে সমন জারির আবেদন করেন। ওই বক্তব্য বিষয়ে প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত দুটি প্রতিবেদন মামলার সঙ্গে সংযুক্ত করে দুটি পত্রিকার সম্পাদককে সাক্ষী করা হয়।
আদালত সূত্র জানায়, সকালের কার্যতালিকায় বাদীর জবানবন্দি রেকর্ড করার পর আদালতের বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ বিকেলের কার্যতালিকায় শুনানির জন্য তা রেখে দেন। বেলা তিনটার দিকে তিনি মামলাটি খারিজ করে দেন।
বাদীপক্ষের আইনজীবী আবু জাভেদ জানান, বাদী জাহাঙ্গীর আলম আদালতে দাখিল করা মামলায় উল্লেখ করেন, তিনি একজন রাজনীতি-সচেতন নাগরিক। সৈয়দ আশরাফুল ইসলাম নিশা দেশাইকে নিয়ে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেন। এতে বহির্বিশ্বে বাংলাদেশের অসম্মান হয়েছে ও মার্কিন প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটেছে।
মামলাটির খারিজ সম্পর্কে আদালত সূত্র জানায়, জবানবন্দি ও দাখিলি পত্রিকার প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি সরকারের একজন মন্ত্রী। তিনি নিজ দেশের অভ্যন্তরীণ সার্বভৌমত্বে হস্তক্ষেপকারীকে ‘দুই আনার মন্ত্রী’ বলেছেন। তাঁর এই বক্তব্য কোনোভাবেই মানহানির পর্যায়ে পড়ে না। অভিযোগ ভিত্তিহীন হওয়ায় সরাসরি তা খারিজ করা হয়েছে।