সকালে মামলা, বিকেলে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীরসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী কুতুব উদ্দিন আহমেদ বাদী হয়ে নালিশি এ মামলা করেন। মহানগর হাকিম খুরশিদ আলম ফৌজদারী কার্যবিধির ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করে বিকেলে আদেশ দেবেন বলে জানান। বিকেলে আদালত ফৌজদারী কার্যবিধির ২০৩ ধারায় নালিশি মামলাটি খারিজ করে দেন। খারিজ আদেশে বলা হয়, অভিযোগের সত্যতা না থাকায় মামলাটি খারিজ করা হলো।
মামলায় মোহাম্মদপুর থানার ওসি ছাড়াও উপপরিদর্শক (এসআই) মো. রাজীব, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. খোরশেদ, স্থানীয় মামুন হোসেন ও সোহেলের নামে দুই ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার বাদী কুতুব উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আদালত মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে উপাদান নেই বলে খারিজ করে দিয়েছেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। তিনি বলেন, পুলিশের কারণে আজ আমি আমার পৈতৃক বাড়িতে উঠেতে পারছি না। যে পুলিশের আমাকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই পুলিশের ভয়ে আমাকে থাকতে হচ্ছে।
মামলার আরজিতে বলা হয়েছে, বাদী কুতুব উদ্দিন তাঁর মায়ের বাড়িতে ৫০ বছর ধরে বসবাস করতেন। বসবাসরত অবস্থায় ২০০৮ সালের ৮ মার্চ তাঁর মা জমি লিখে দেন। কুতুব বাড়ি বুঝে পাওয়ার পর অষ্টম তলা সংস্কারের জন্য অন্য বাসায় ভাড়া থাকতে শুরু করেন। বাড়ির সংস্কারকাজ শেষ হলে মালামাল নিয়ে ৯ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় বাড়িতে প্রবেশ করতে চাইলে আসামি মো. মামুন হোসেন ও মো. সোহেল বাধা দেন।
বাধাদানকারী ব্যক্তিরা বাদীকে বলেন, মোহাম্মদপুর থানার ওসির সঙ্গে কথা না বলে তাঁকে ওই বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। পরে ওসির মোবাইলে আসামিরা ফোন দিলে উপপরিদর্শক (এসআই) রাজীব ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. খোরশেদ হাজির হন। বাদীকে তাঁরা কথা আছে বলে বাসার নিচের গ্যারেজের দক্ষিণ-পশ্চিম কোণে ডেকে নেন। বাদীর কাছে ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাদী তা দিতে অস্বীকার করলে আসামিরা তাঁকে মারধর করেন এবং বাদীকে পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে হুমকি দেন। এরপর ওই দিন রাত আটটায় বাদী ওসির কাছে দুই লাখ টাকা দেন।