সকালে যোগদান, বিকেলে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) পদে ২২ এপ্রিল সকালে যোগদান করেন মো. জামাল হোসাইন। ওই দিন বিকেলেই নবাগত জেলা প্রশাসক হিসেবে একটি অনুষ্ঠানে সংবর্ধনা নিচ্ছিলেন তিনি। অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর মঞ্চেই মুঠোফোনে খবর আসে—জেলা প্রশাসক হিসেবে জামাল হোসাইনের নিয়োগ স্থগিত করা হয়েছে।এ অবস্থায় আগের জেলা প্রশাসক আবদুল মালেক ২৩ এপ্রিল সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণব কুমার ঘোষকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে বিদায় নেন।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৩-এর জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শফিউল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসাইনকে কুমিল্লার জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। তৎকালীন জেলা প্রশাসক আবদুল মালেক ২২ এপ্রিল সকাল পর্যন্ত তাঁর দায়িত্ব পালন করেন। ওই দিন সকালেই নতুন জেলা প্রশাসক মো. জামাল হোসাইন যোগ দেন। ২২ এপ্রিল সন্ধ্যা পৌনে ছয়টায় কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের ডা. যোবায়দা হান্নান মিলনায়তনে সাবেক ও নতুন জেলা প্রশাসককে বিদায় ও বরণ উপলক্ষে কুমিল্লার ১০টি সংগঠন এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানেই আবদুল মালেককে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ফোন করে জানান, জামাল হোসাইনের আদেশ স্থগিত করা হয়েছে। ওই খবর জানার পর জামাল হোসাইন ফুলেল শুভেচ্ছা নিলেও বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন।এর আগে ২১ এপ্রিল জামাল হোসাইনকে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী পদ থেকে অবমুক্ত করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এন এ সিদ্দিক। বর্তমানে তিনি জেলা পরিষদের ওই পদেই কাজ করছেন। গত রোববার দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে গিয়ে তাঁকে কাজ করতে দেখা গেছে।জানতে চাইলে মো. জামাল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমি খুবই বিব্রত। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার খুব কষ্ট হচ্ছে। যোগ দেওয়ার পর ওই আদেশ কেন স্থগিত হলো, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমি ওই আদেশ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’আগের জেলা প্রশাসক আবদুল মালেক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যোগদান করা জেলা প্রশাসককে দায়িত্ব না দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।’