সকালে লম্বা সারি, দুপুরে গণসিল
সকাল আটটা থেকেই ভোটারদের দীর্ঘ সারি ছিল মহাখালীর জামেয়া মোহাম্মদিয়া ইসলামিয়া কড়াইল টিঅ্যান্ডটি কলোনি মাদ্রাসায় স্থাপিত ছয়টি ভোটকেন্দ্রে। বেলা দেড়টা পর্যন্ত এমন ভিড় ছিল। তবে ওই সময় যাঁরা সারিতে ছিলেন তাঁদের বেশির ভাগই ভোট দিতে পারেননি। সরকার-সমর্থক প্রার্থীদের লোকেরা বেলা দুইটার দিকে কেন্দ্র থেকে ভোটারদের বের করে দেয়। পরে এক ঘণ্টা ধরে চলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের প্রতীকে সিল মারা।
এগুলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে ওই মাদ্রাসার কক্ষগুলোতে গিয়ে দেখা যায়, এখানকার ৩০টি ভোটকক্ষের প্রায় সব কটিতে সিল মারছে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক এবং ১৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমানের ব্যাজ পরা লোকেরা। এ সময় কেন্দ্রের ভেতরে ও আশপাশ মিলিয়ে সরকার-সমর্থক ১০০ থেকে ১৫০ জনের দেখা মেলে। তাদের কেউ পাহারা দিচ্ছে, কেউ ব্যালট পেপারে সিল মারছে।
এ সময় পুলিশ সদস্যদেরও তাদের সহযোগিতা করতে দেখা যায়। মোট তিনতলা কেন্দ্রটির নিচতলা ও দ্বিতীয় তলার প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা নিরুপায় হয়ে একে অপরের মুখ চাওয়া-চাওয়ি করছিলেন।
তিনতলায় গিয়েও একই চিত্র দেখা গেল। সেখানে সরকারদলীয় লোকেরা প্রায় ২০ মিনিট ধরে ব্যালট পেপারে সিল মারার পর নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যালট বাক্সসহ প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে গিয়ে আশ্রয় নেয়। প্রিসাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
ওই ছয়টি ভোটকেন্দ্রে মোট ভোটারসংখ্যা ১২ হাজার ৬৩৮ জন। কড়াইল বস্তির পুরুষ ভোটারদের কেন্দ্র এগুলো। সকাল আটটা থেকেই চারটি সারিতে ৭০ থেকে ৮০ জন করে ভোটারের লম্বা সারি ছিল। প্রথম এক ঘণ্টা এখানে স্বাভাবিকভাবে ভোট গ্রহণ হয়। ভোটও পড়ে হাজার খানেকের মতো। কিন্তু এর পর থেকেই সারিগুলো থেকে অল্প অল্প করে ভোটার ছাড়া হয়। এই ধীরগতির কারণে বাইরে সারি লম্বা থাকলেও ভোটকক্ষগুলো ফাঁকা দেখা যায়।
বেলা একটা পর্যন্ত কেন্দ্রগুলোতে মোট ১৬০০ থেকে ১৭০০ ভোট পড়ে। কিন্তু দুইটা বাজতেই ভোটারদের মাদ্রাসার সীমানা থেকে বের করে ফটক লাগিয়ে দেওয়া হয়। এ সময় ভেতরে-বাইরে সরকারদলীয় লোকদের পাহারা বসানো হয়। এরপর ঘণ্টা খানেক ধরে ঘড়ি ও টিফিন ক্যারিয়ার প্রতীকে সিল মারেন তাঁরা।
বিকেল তিনটার দিকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ওই কেন্দ্রে গেলে সরকারদলীয় ব্যক্তিরা কেন্দ্রগুলো থেকে বেরিয়ে যান। ওই সাংবাদিক চলে যাওয়ার পর এই প্রতিবেদক একটি ভোটকক্ষের সামনে গিয়ে আবারও ব্যালট পেপারে সিল মারতে দেখেন। এ সময় তাদের একটি দল এই প্রতিবেদককে ‘তাড়াতাড়ি যা কইলাম, মাইরা ভর্তা বানায়ালামু নাইলে’ বলে হুমকি দেয়। এ পরিস্থিতিতে সেখান থেকে চলে আসতে হয়।