সকালে শহীদ মিনার, বিকেলে হাতিরঝিল

গায়ে একই রঙের শার্ট। একটু পরপর সেলফি। পাশে বাদাম-বুটের প্যাকেট। কিছুক্ষণ পরপর হেসে উঠছেন দুজনেই। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। ছুটির দিনে হাতিরঝিলে ঘুরতে এসেছেন। ভিড়টাও ছিল চোখে পড়ার মতো। বেশির ভাগ মানুষই সকালে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। বিকেলটা কাটান হাতিরঝিলের খোলা হাওয়ায়।
সপ্তাহান্তের ছুটি বাদে অন্যদিনে ছুটি পেলেই রাজধানীর মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সে কারণে শোকের পাশাপাশি দিবসটি উৎসবেরও। এ দিবস উপলক্ষে কর্মব্যস্ত মানুষের একটু ছুটির ফুরসত মেলে গতকাল। হাতিরঝিল উন্মুক্ত হওয়ার পর থেকেই ঘোরার জায়গা হিসেবে বেশ জনপ্রিয়। সঙ্গে যোগ হয়েছে ওয়াটার ট্যাক্সি। গতকাল দেখা যায়, এফডিসির অংশে পন্টুনে বেশ ভিড়। ট্যাক্সি এসে পৌঁছায়নি। তাই টিকিট কাউন্টারের পাশে লম্বা লাইন। কৌশিক বিশ্বাস নামের এক টিকিট বিক্রেতা বললেন, অন্যান্য দিনের চেয়ে আজকে ভিড় বেশি।
ছোট্ট নিষাদ রহমানের তর সইছে না। একটু পরপর মাকে জিজ্ঞেস করছে, কখন সে ওয়াটার ট্যাক্সিতে উঠবে। মা ফারহানা রহমান বলেন, ‘আজকে একটু সময় পেলাম, ও কিছুদিন ধরেই বায়না ধরছে ট্যাক্সিতে চড়বে।’ বাঁধানো ঘাটের মতো জায়গায় তরুণ-তরুণীদের ভিড় বেশি। কেউ ছবি তুলছে, কেউ গল্পে মত্ত, আবার অনেকেই ঝিলের পানিতে পা ডুবিয়ে বসে আছে। বাচ্চাদের একটি দল ঢালুর মতো এক জায়গায় দুষ্টমিতে ব্যস্ত।
পানি কম থাকায় ঝিলের পাড় ঘেঁষে অনেকেই ঘাসে বসে গল্প করছিলেন। রং মিল করে শার্ট পরা বাবা-ছেলে আবদুল মালেক ও তারেক হাসান। ছেলে তারেক বলেন, ‘সবাই তো বউ-বাচ্চা বা বন্ধু নিয়ে বের হয়। আমি বাবাকে নিয়ে আসছি। চাকরিজীবনে ঢুকে তো সময় দিতে পারি না। বের হয়ে ছোটবেলার কথা মনে হচ্ছে।’ বাবার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে তিনিও বেশ খুশি। দুদিন ধরে শহরে প্রচুর বাতাস। হাতিরঝিলে প্রকোপটা আরও বেশি। ঝিলের বাতাসটাও উপভোগ্য। মোটরসাইকেল আরোহীদের প্রিয় জায়গা হাতিরঝিল। সড়কের দুই পাশে বা সেতুর ওপরে মোটরসাইকেল রেখে আড্ডা দিচ্ছেন অনেকে। কথা বলে জানা গেছে, এরা সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে এসেছেন। বিকেলে ঘুরে বেড়াবেন।