ভোটের শুরু থেকে বেলা ১১টা পর্যন্ত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রগুলোর পরিবেশ ছিল শান্ত, স্বাভাবিক। দুপুর ১২টার পর থেকে একের পর এক ভোটকেন্দ্র দখল, ব্যালেট বাক্স ছিনতাই ও মারধরের ঘটনা ঘটতে থাকে। এই খবর ছড়িয়ে পড়লে পুরো নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে। ক্ষমতাসীনদের তাণ্ডবে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।
বেশ কয়েকটি কেন্দ্রে গড়ে দুই ঘণ্টা করে ভোট গ্রহণ বন্ধ থাকে। নিজেদের ও ভোটকেন্দ্র রক্ষায় পুলিশকে ২৩টি গুলি ছুড়তে হয়। একটি কেন্দ্রে জারি করতে হয় ১৪৪ ধারা। ক্ষমতাসীনেরা তাণ্ডব চালান ১৪ নম্বর বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তখন বেলা সোয়া একটা। লাঠিসোঁটা নিয়ে প্রায় অর্ধশত কর্মী-সমর্থক দ্রুত কেন্দ্রটিতে ঢুকে ভোটারদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। পুলিশের সদস্যরা এগিয়ে এলে তাঁদের ওপর আক্রমণ চালানো হয়। তারপর তাঁরা কেন্দ্রে ঢুকে সব কটি ব্যালেট বাক্স ছিনিয়ে নেন। এ সময় হামলায় রমজান মিয়া নামে পুলিশের এক সদস্য আহত হন। হামলাকারীরা ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হননি, সড়কে প্রকাশ্যে তা ফেলে ‘উৎসব’ করেন। ঘটনার এক ঘণ্টা পর দুইটা ১১ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য এসে কেন্দ্রের নিয়ন্ত্রণ নেন।
নিরাপত্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক নাহিদ হাসান জানান, কোনো কিছু বোঝার আগেই হামলাকারীরা এসে কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং ব্যালট বাক্স ছিনিয়ে নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২টি গুলি ছুড়তে হয়। প্রিসাইডিং কর্মকর্তা লিচু মিয়া বলেন, তখন নিজেদের খুব অসহায় লাগছিল। প্রাণ রক্ষা হবে কি না—এ নিয়ে সবাই শঙ্কিত হয়ে পড়েন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এসে কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ১৯ নম্বর আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ক্ষমতাসীন দলের শতাধিক সমর্থক লাঠিসোঁটা নিয়ে প্রথমে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই অজিত বর্মণ আহত হন। পরে তাঁরা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রিসাইডিং কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ‘সকাল থেকে একটি পক্ষ কেন্দ্রের ভেতর ও বাইরে ঝামেলা পাকানোর চেষ্টা করে। সফল হতে না পেরে শেষে হামলা চালায়। এতে আমরা সবাই অবরুদ্ধ হয়ে পড়ি। এরপর প্রায় দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখতে হয়।’ একটার দিকে কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালান ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১টি গুলি ছোড়ে। বিকেলে একই পক্ষ পালটিয়া মাদ্রাসা কেন্দ্রে হামলা চালিয়ে ৯০০ ব্যালট পেপার নিয়ে যান।
বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল মিল্লাত প্রথম আলোকে বলেন, ‘সকালে ভেবেছিল তারা বিজয়ী হবে। এই কারণে সেই পর্যন্ত ভদ্র ছিল। দুপুরের পর বুঝতে পারে তাদের অবস্থা ভালো না, তখনই পেশিশক্তি প্রয়োগ করা শুরু করে।’ তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সৈয়দ হাসান সারওয়ার বলেন, ‘তাঁরা দোষ করে আমাদের ওপর চাপাচ্ছেন।’