সকালে শান্তিপূর্ণ ভোট দুপুর থেকে বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল ৮টা থেকে দুপুর ১২টা। এ পর্যন্ত ভোট শান্তিপূর্ণই ছিল। তবে দুপুরের পর থেকেই ভোটকেন্দ্রে সহিংসতা, উত্তেজনা ও প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়নের ২৭টি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে।’ সকালে শান্তিপূর্ণ ভোট হলেও দুপুরের পর থেকে কোথাও সামান্য উত্তেজনা ছিল বলে তিনি স্বীকার করেন।
দুপুর ১২টার দিকে কয়েকজন যুবক টুকেরবাজার ইউপির আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়া শুরু করেন। এতে ভোটে বাধা দেন বিএনপি প্রার্থীর এজেন্ট। পরে পুলিশের সদস্যরা বাধা দিলে ওই যুবকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। বেলা একটার দিকে ওই যুবকেরা আবার কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত হলে যুবকেরা পুলিশের সামনেই সাংবাদিকদের শাসিয়ে ওই স্থানত্যাগের নির্দেশ দেন। একপর্যায়ে বিএনপির কর্মী-সমর্থকেরা বাধা দিলে যুবকেরা ক্ষুব্ধ হয়ে তাঁদের তাড়িয়ে দেওয়ার পাশাপাশি কেন্দ্রের কয়েক শ গজ দূরে অবস্থিত বিএনপির প্রার্থীর কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ‘জাল ভোটের চেষ্টাসহ সহিংস কর্মকাণ্ডের কারণে নির্বাচন কমিশনের নির্দেশনায় কেন্দ্রটির ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।’
বিএনপির প্রার্থী শহিদ আহমদ বলেন, আওয়ামী লীগের সমর্থকেরা প্রকাশ্যে জাল ভোট প্রদানের ঘটনা ঘটিয়েছেন। প্রায় কেন্দ্রেই তাঁরা এমনটি করেছেন। একটিতে ধরা খেয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী আলতাফ হোসেন বলেন, ‘যারা সহিংস ঘটনা ঘটিয়েছে, তারা আমার কর্মী-সমর্থক কি না, তা নিশ্চিত নই।’