সকালে স্কুলে লেখাপড়া, বিকেলে পাঁপড় বিক্রি

ছোট্ট ফুটফুটে মেয়ে। নাম রাবেয়া (৭)। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সকালে সে বিদ্যালয়ে লেখাপড়া করে আর বিকেলে পথে পথে পাঁপড় ফেরি করে বিক্রি করে। এ থেকে যে আয় হয়, তা সে তুলে দেয় দরিদ্র বাবা-মায়ের হাতে। এই ছোট্ট বয়সেই তার শুরু হয়েছে জীবনসংগ্রাম।
নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে কথা হয় রাবেয়ার সঙ্গে। সে বলে, মা-বাবা অত্যন্ত গরিব। বাবা লুৎফর রহমান পেশায় রিকশাচালক। মা সাথী বেগম অন্যের বাসাবাড়িতে কাজের পাশাপাশি নিজের সংসারের কাজ করেন। বড় বোন লতা সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মা-বাবার রোজগারে সংসার চলে না। ফলে তাদের জামাকাপড় ও পড়াশোনার খরচ পরিবার মেটাতে পারে না।
রাবেয়া ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। স্কুলের কাছে শহরের রসুলপুরে বস্তিতে তাদের বসবাস। অনেকটা নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা তার। পরিবারের দুঃখ-দুর্দশায় বাধ্য হয়ে ফেরি করে পাঁপড় বিক্রি করছে সে। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিদ্যালয়ে লেখাপড়া করে। বিদ্যালয় থেকে বাসায় ফিরে বিকেল চারটায় ভাজা পাঁপড় পলিথিনের বস্তায় ভরে কাঁধে ঝুলিয়ে বিক্রি করে বেড়ায় রাবেয়া।
প্রতিটি পাঁপড় বিক্রি হয় পাঁচ টাকায়। এ জন্য রাবেয়াকে শহরের অলিগলি সর্বত্র বেড়াতে হয়। এভাবে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকার পাঁপড় বিক্রি করে সে। হিসাব কষে পুরো টাকা বুঝিয়ে দেয় মা-বাবার হাতে। শহরের দোকানদার, ব্যবসায়ী, পথচারীরা তার পাঁপড়ের নিয়মিত খরিদ্দার।
রাবেয়ার পরিবারের অভাবের কথা জনপ্রতিনিধি ও সমাজসচেতন মানুষের কানে পৌঁছায় না। ফলে বরাবরই তারা সাহায্য ও সহযোগিতা থেকে বঞ্চিত থেকেছে। অভাবের মধ্যেও দুই বোন লতা ও রাবেয়ার লেখাপড়ার অদম্য ইচ্ছা দেখে ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম বলেন, সমাজের বিত্তবানেরা যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো রাবেয়ার পড়াশোনা এগিয়ে নেওয়া সম্ভব হবে। তার পরিবারেও হাসি ফুটবে।