সকালে হাঁটতে বেরিয়ে গাড়ির ধাক্কায় শিক্ষক নিহত
সকালে হাঁটতে বের হয়ে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন স্কুলশিক্ষক। আজ মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষকের নাম বাদল কৃষ্ণ বিশ্বাস (৬১)। তিনি শেখ রাসেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক।
অজ্ঞাত একটি গাড়ি ওই স্কুলশিক্ষককে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাদল কৃষ্ণ বিশ্বাস গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউস সড়কে নিজ বাসভবনে বাস করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজার ভাষ্য, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
গোপালগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত কুমার মল্লিক বলেন, ময়নাতদন্তের পর শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মৃতদেহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গোপালগঞ্জ কালীবাড়িতে নেওয়া হয়। বিকেলে গোপালগঞ্জ শ্মশানে তাঁর শেষকৃত্য হয়।