এরশাদ সকালে 'বাধ্যদের' রাতে 'অবাধ্যদের'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ গোটা সকালটা ‘অনুগত’ নেতা-কর্মীদের গায়ে-মাথায় হাত বুলিয়ে শান্ত করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। বলেছেন, যাঁরা তাঁর নির্দেশ অমান্য করে নির্বাচনে গেছেন, তাঁরা ‘অবাধ্য সন্তান’ আর যাঁরা কথা শুনেছেন, তাঁরা তাঁর ‘বাধ্য সন্তান’। এরপর যে নির্বাচন হবে তাতে এগিয়ে থাকবে ‘বাধ্য সন্তানেরা’।

কিন্তু আজ রাতেই গুলশান ক্লাবে ছেলে এরিখ এরশাদের জন্মদিনের অনুষ্ঠানে তিনি ‘অবাধ্য সন্তানদের’ জমকালো পার্টিতে আপ্যায়ন করেছেন। সকালে তিনি যাঁদের অনুগত নেতা-কর্মী বলে স্বীকৃতি দিয়েছেন তাঁদের অনেকেই সেখানে দেখা যায়নি।

এরিখ এরশাদের জন্মদিনের পার্টিতে রাত নয়টা নাগাদ ২৩ জন সাংসদ উপস্থিত হন। যাঁরা দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অংশ নিতে একরকম বাধ্য করেছিলেন বলে অভিযোগ আছে, তাঁদের প্রায় সবাই উপস্থিত ছিলেন ওই পার্টিতে। এঁরা হলেন, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম প্রমুখ। এঁদের মধ্যে কমপক্ষে তিনজন ঘটনাস্থল থেকে প্রথম আলোকে তাঁদের উপস্থিতির কথা জানান।

হাজির ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারও। এই নেতার ভূমিকা নিয়েও দলে বিতর্ক আছে। অভিযোগ আছে, তিনি উড়োজাহাজে করে নির্বাচনী এলাকায় জনসংযোগ করে এসেছেন সকালে, বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদকে সঙ্গ দিয়েছেন। 

সূত্রগুলো বলছে, সকালের অনুষ্ঠানে উপস্থিত সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য জানতেনই না সন্ধ্যায় এরিখ এরশাদের জন্মদিনের অনুষ্ঠান আছে। একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যায় স্যারের বাসায় কিছু একটা প্রোগ্রাম আছে মনে হয়। সভাপতিমণ্ডলীর অনেককেই ফোনে পাওয়া যাচ্ছে না।’

খোঁজখবর নিয়ে জানা গেছে, দলে কর্তৃত্ব পুনঃস্থাপন করতে এরশাদ এখন মরিয়া। যেকোনো মূল্যে তিনি দলকে নিজের নিয়ন্ত্রণে আনতে চান। তাই বাধ্য-অবাধ্য দুপক্ষকেই শান্ত রাখার চেষ্টা করছেন। সবশেষ সংসদে মহিলা আসন চূড়ান্ত করার ক্ষেত্রে ধাক্কা খান এরশাদ। যদিও সাক্ষাত্কার নিয়েছেন তিনি, তাঁর প্রস্তাবিত নামগুলো বিবেচনায় নেয়নি রওশন-সমর্থিত অংশটি। ফলে জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের ও এরশাদের পালিত কন্যা অনন্যা আক্তার মৌসুমী বাদ পড়ে যান।

তবে এ বিষয়ে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রথম আলোকে ‘পরে’ তিনি এ ব্যাপারে জানাবেন বলে উল্লেখ করেছেন। তাঁর রাজনৈতিক মুখপাত্র ববি হাজ্জাজ বলেছেন, দলে কোনো সমস্যা নেই। এরশাদ দিকনির্দেশনা দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত। শিগগিরই অ্যাসাইনমেন্টে যাবেন।

অন্যদিকে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, তাঁদের সঙ্গে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কোনো বিরোধ নেই। তিনি নিয়মিত এরশাদের বাসভবনে যান, নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সব দলেই নেতা-কর্মীদের নানা বিষয়ে ক্ষোভ থাকে, জাতীয় পার্টিতেও আছে। বিষয়টি অতটা গুরুত্বপূর্ণ নয়।

এদিকে আজ মঙ্গলবার সকালে হুসেইন মুহম্মদ এরশাদের আমন্ত্রণে বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে উপস্থিত হন তাঁর অনুগত নেতা-কর্মীরা। এরশাদের নির্দেশ অমান্য করে যাঁরা নির্বাচনে অংশ নিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। তাঁরা ‘দালাল’ ধরার দাবি জানান। উত্তরে এরশাদ বলেন, ‘তোমরা সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ কাজে লাগতে পার, আমাকে বলো। আমি তোমাদের দেখব।’ এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের অনেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এরশাদ। তিনি বলেন, সভাপতিমণ্ডলীর অবাধ্য নেতাদের কারণে তিনি নিঃস্ব, রিক্ত।

এরিখের জন্মদিনের অনুষ্ঠানে রওশন এরশাদ ও তাঁর ব্যক্তিগত সচিব গোলাম মসিহ যাননি। যাননি বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলামও। তবে সকালের অনুষ্ঠানে হাজির না থাকলেও সন্ধ্যায় পার্টিতে গিয়েছিলেন জিএম কাদের।