সকালের উৎসব দুপুরে ম্লান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে চট্টগ্রামের পটিয়া পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাতে থাকে দৃশ্যপট।
সকাল পৌনে নয়টার দিকে আবদুস সোবাহান রাহাত আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন বিএনপির মেয়র প্রার্থী তৌহিদুল আলম। এরপরই সেখানে যান আওয়ামী লীগের প্রার্থী মো. হারুনুর রশিদ ও জাতীয় পার্টির (জাপা) সামশুল আলম। তিনজনই লাইনে দাঁড়ানো ভোটারের পাশাপাশি একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
বেলা দুইটার পর সেই রাহাত আলী উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করা হয় বলে অভিযোগ করেন বিএনপি ও জাপার প্রার্থী।
বিকেল চারটার দিকে পটিয়া বাসস্ট্যান্ড এলাকায় জাপা কার্যালয়ের সামনে বিআরটিসির একটি বাসসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ সমর্থকেরা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
জাপার প্রার্থী সামশুল আলম বলেন, ‘বেলা দুইটার পর প্রায় সব কেন্দ্র নৌকার সমর্থকেরা দখল করেন। এর প্রতিবাদে আমার সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে গাড়ি ভাঙচুর করেন।’
বিএনপির প্রার্থী তৌহিদুল আলম বলেন, ‘আওয়ামী লীগের লোকজন পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্র, উত্তর গোবিন্দরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাহাত আলী উচ্চবিদ্যালয় ও পিটিআই কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক সিল মেরেছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে জাপার সামশুল আলম পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা এবং পুরুষ দুটি কেন্দ্র পরিদর্শনে যান। তিনি বের হয়ে আসার পর নৌকা প্রতীকের সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্র দুটিতে ঢুকে কয়েকটি বুথে মেয়র পদের ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকাচ্ছিলেন বলে অভিযোগ। ব্যালট দিতে না চাইলে দুটি বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়।
প্রিসাইডিং কর্মকর্তা মোজাহেরুল হক বলেন, ‘জোরপূর্বক ব্যালট কেড়ে নিয়ে এক মেয়র প্রার্থীর লোকজন এখানে সিল মারতে থাকেন। বাধা দিলে আমাদের মারধর করা হয়।’ এ সময় কেন্দ্রের বাইরে পুলিশের সঙ্গে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনটার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্র দুটির প্রতিটি বুথে একাধিক নৌকা প্রতীকের কর্মীর অবস্থান। স্কুলের পেছনে মেয়র এবং কাউন্সিলর পদের ব্যালট বইয়ের মুড়ি পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটা থেকে নৌকা প্রার্থীর পক্ষের লোকজন অবস্থান নেন। এ সময় কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী গোফরান রানা ও নাজিম উদ্দিন রানার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় নয়জন আহত হন।
অভিযোগ প্রসঙ্গে বিকেল পাঁচটায় আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ বলেন, সুষ্ঠু ভোট হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে গন্ডগোল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, কেন্দ্রের ভেতরে কোনো ধরনের গোলযোগ কিংবা কারচুপি হয়নি। কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে।