সকালের খবর সাময়িক বন্ধ
দৈনিক সকালের খবর-এর ছাপা সংস্করণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘোষণা আসে।
পত্রিকার মালিকপক্ষ র্যাঙ্কন হোল্ডিংস লিমিটেডের চিফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার মেহনাজ কবীর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে তাঁরা প্রথম পত্রিকা চালুর উদ্যোগ নেন। কিন্তু পত্রিকাটি লাভের মুখ দেখেনি। ভর্তুকি দিয়ে এটিকে টিকিয়ে রাখার চেষ্টা চলছিল। এমনকি কর্তৃপক্ষ সংবাদপত্রটির সব কর্মী রেখে শুধু মালিকানা বিক্রির কথাও ভেবেছিল। সেদিকেও তেমন অগ্রগতি হয়নি। সে কারণেই পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এর অনলাইন সংস্করণটি চালু থাকবে। তিনি আরও বলেন, পত্রিকাটি নিয়ে কী করা যায়, সে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ শুরু করেছে।
পত্রিকার সব সাংবাদিক ও অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী পাওনা বুঝিয়ে দেওয়া হবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে।
পত্রিকাটির একজন সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পত্রিকাটির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর চৌধুরী বিকেলের দিকে জানিয়ে দেন পত্রিকার ছাপা সংস্করণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে সাংবাদিকসহ কর্মীর সংখ্যা তিন শর বেশি বলেও জানান ওই সাংবাদিক। তবে কর্তৃপক্ষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে।