সকালের মৃত গরু বিকেলে জীবিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকালে গরুর মাংস বিক্রি হচ্ছিল। এ সময় ফুলপুর থানার পুলিশ সেখানে এসে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে দুই মাংস বিক্রেতাকে আটক করে নিয়ে যায়। কিন্তু বিক্রেতা থানায় গিয়ে জীবিত অবস্থায় গরুটি বিক্রি করার কথা বললে পুলিশ তাঁদের সন্ধ্যা ছয়টায় ছেড়ে দেয়।আটক দুই মাংস বিক্রেতা হচ্ছেন স্থানীয় এরশাদ আলী মুন্সী (৪৫) ও তোফাজ্জল হোসেন (৩৫)। এরশাদ আলী জানান, তিনি উপজেলার পয়ারী গ্রামের আবদুল মান্নানের কাছ থেকে অসুস্থ একটি গরু আট হাজার ৩০০ টাকায় কিনে আনেন। পরে ফুলপুর মসজিদের মুয়াজ্জিন ইমাম হোসেন বাসস্ট্যান্ড এলাকায় সেটি জবাই করেন। ইমাম হোসেন বলেন, ‘আজ (মঙ্গলবার) আমি কোনো গরু জবাই করিনি।’ফুলপুর থানার এসআই ফারুকুজ্জামান বলেন, ‘মরা গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে—এ রকম অভিযোগ পেয়ে ওই দুই মাংস বিক্রেতাকে আটক করে মাংসসহ থানায় নিয়ে আসি।’ ফুলপুর থানার ওসি এস আলম জানান, গরু বিক্রেতা আ. মান্নান থানায় এসে বলেছেন, তিনি জীবিত গরু বিক্রি করেছেন। তাই এরশাদ ও তাঁর সঙ্গে আটক করে নিয়ে আসা আরেক মাংস বিক্রেতাকে ছেড়ে দেওয়া হয়েছে।