রাজধানীর যানজট কমে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার সকালে বিজয় সরণি মোড়ে ট্রাফিক বিভাগ থেকে ডাইভারশন দেওয়া হয়। তাই নিজ নিজ গন্তব্যে হেঁটে যাচ্ছেন কর্মজীবী মানুষেরা। ছবিটি সকাল পৌনে ১০টার দিকে তোলা। ছবি: কমল জোহা খান
আজ বৃহস্পতিবার সকালে বিজয় সরণি মোড়ে ট্রাফিক বিভাগ থেকে ডাইভারশন দেওয়া হয়। তাই নিজ নিজ গন্তব্যে হেঁটে যাচ্ছেন কর্মজীবী মানুষেরা। ছবিটি সকাল পৌনে ১০টার দিকে তোলা। ছবি: কমল জোহা খান

কামাল হোসেন রাজধানীর কাজীপাড়া থেকে বাসে চড়েন সকাল নয়টায়, গন্তব্য পান্থপথের কর্মস্থলে। প্রায় নয় কিলোমিটার দূরে যেতে তাঁর সময় যায় দেড় ঘণ্টা। সকাল সাড়ে ১০টায় কামাল কর্মস্থলে পৌঁছান।
শুধু কামাল হোসেন একা নন, রাজধানীতে আজ সপ্তাহের শেষ কর্মদিবসে কর্মব্যস্ত অগণিত মানুষকে প্রচণ্ড যানজটে পড়তে হয়েছিল। দুপুর ১২টা সময় পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হয়।
সরেজমিনে ফার্মগেট ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বিজয় সরণি চন্দ্রিমা উদ্যানের সামনে, খামারবাড়ি এলাকায় ডাইভারশন দেওয়া হয়েছে। এতে কয়েক কিলোমিটার দূরে মিরপুরের শেওড়াপাড়া, আগারগাঁও, শেরেবাংলা নগর, তেজগাঁও, মহাখালী ও ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় যানজট ছড়িয়ে যায়। এসব এলাকার প্রধান সড়কে বাস, প্রাইভেট কার, অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশাগুলোকে থমকে যেতে হয়েছে দীর্ঘ সময়। অনেক যাত্রীকে বাধ্য হয়ে বাস ও রিকশা থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে।

ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, খামারবাড়িতে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ছিল। এ জন্য রাজধানীর ফার্মগেট এলাকায় ডাইভারশন দেওয়া হয়। এতে ঢাকার ব্যস্ততম এলাকাগুলোতে যানজট ছড়িয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত এই ডাইভারশন তুলে নেওয়ার পর যানজট কিছুটা কমে আসে।

সকাল সাড়ে সাতটায় শ্যামলী থেকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে অফিসের উদ্দেশে রওনা দেন উজ্জ্বল হোসেন। সাড়ে আটটার দিকে আসাদগেটে আসার পর ডাইভারশনের কারণে তাঁকে বহনকারী অটোরিকশাটি যায় কলাবাগানের দিকে। সেখান থেকে ধানমন্ডি হয়ে শাহবাগ যেতে উজ্জ্বল হোসেনের সময় চলে যায় আরও পৌনে এক ঘণ্টা। সকাল সোয়া নয়টায় তিনি শাহবাগে পৌঁছান।

উজ্জ্বল হোসেন বলেন, ‘সময় অপচয় হয়নি আমার। পকেট থেকে ভাড়া হিসেবে বাড়তি ১৫০ টাকাও গুনতে হয়েছে।’