সকালের সুষ্ঠু পরিবেশ দুপুরের পর ম্লান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দুপুরের পরই ম্লান হয়ে গেল। প্রকাশ্যে জাল ভোট দিয়ে পরিবেশ ম্লান করলেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভয়ে বুথ (ভোটকক্ষ) থেকে পোলিং কর্মকর্তা ও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পোলিং এজেন্টরা বেরিয়ে গেলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের দুটি (১৭৬ ও ১৭৭) কেন্দ্রে গতকাল মঙ্গলবার দুপুরের পর পরই এ ঘটনা ঘটে। কেন্দ্র দুটি মির্জা আব্বাসের বাসভবন-লাগোয়া।
সরেজমিনে দেখা যায়, সকাল আটটার দিকে মির্জা আব্বাস কলেজে ভোটাররা আসতে শুরু করেন। ভোটকেন্দ্রের বাইরে মির্জা আব্বাস ও ১১ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকেরা ক্যাম্প করে অবস্থান নেন। এর পাশেই সাঈদ খোকন ও ১১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী হামিদুল হকের (শামীম) সমর্থকেরা অবস্থান নেন। কোনো ধরনের বাগ্বিতণ্ডা ও উত্তেজনা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে ভোট। দুপুর ১২টার দিকে দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান, তাঁদের কেন্দ্রে ১৫ শতাংশের মতো ভোট পড়েছে।
দুপুর ১২টার দিকে খবর আসে বিএনপি নির্বাচন বর্জন করতে পারে। এর কিছুক্ষণ পরই মির্জা আব্বাস ও দেলোয়ার হোসেনের সমর্থকদের তাঁদের নির্বাচনী ক্যাম্প থেকে ধাওয়া দিয়ে বের করে দেন হামিদুল হকের সমর্থকেরা। বেলা একটার দিকে দুটি ভোটকেন্দ্রের ভোটকক্ষে গিয়ে মির্জা আব্বাস ও দেলোয়ারের কোনো পোলিং এজেন্টই পাওয়া যায়নি। জানা গেছে, সরকার-সমর্থকদের আসার খবর পেয়ে তাঁরা দ্রুত কক্ষ ছেড়ে চলে গেছেন।
বেলা দুইটার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা আবুল কাশেম ও যুবলীগের নেতা নবীউল্লাহ রাজুর নেতৃত্বে ৭০-৮০ জন লোক দুটি কেন্দ্রের বিভিন্ন কক্ষের দখল নেন। সেখান থেকে পুলিশ ও আনসার সদস্যদের বের করে দেন তাঁরা। এরপর আধঘণ্টা ধরে চলে তাঁদের ব্যালট পেপারে সিল মারা। এ সময় প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের ধস্তাধস্তিও হয়। মহিলা পোলিং কর্মকর্তারা দৌঁড়ে পালিয়ে যান। এর মধ্যেই একটি কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেন প্রিসাইডিং কর্মকর্তা। তবে কিছু সরকারি দল-সমর্থক ওই কেন্দ্রের পাশের গাছ বেয়ে ভেতরে ঢুকে জালভোট দেওয়া শুরু করে। পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করেন। তাঁদের জাল ভোট দেওয়ার ছবি তুলতে গেলে এই প্রতিবেদককে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা তাঁদের বলতে থাকেন, ‘আপনারাই তো জিতবেন, দয়া করে জাল ভোট দিবেন না।’