সকাল-বিকেল পেট্রলপাম্প বন্ধ

পেট্রলপাম্প ও ট্যাংক-লরির মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে গতকাল সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত সব পেট্রলপাম্প ও ট্যাংক-লরি চলাচল বন্ধ ছিল। পেট্রলপাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকায় অনেকে যানবাহন নিয়ে পাম্পে এসে তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন।
২০ আগস্ট রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ১২ দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত সারা দেশে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সরকার দাবি পূরণ না করলে ভবিষ্যতে লাগাতার ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হবে। গতকালের ধর্মঘটের ফলে কয়েকটা পাম্পে গিয়েও তেল পাননি অনেকে। পেট্রলপাম্পে তেল নিতে এসে যানবাহনের চালক ও মোটরসাইকেলের আরোহী ক্ষোভ প্রকাশ করেন। পাম্প বন্ধ থাকায় বেশি ভোগান্তিতে পড়েন মোটরসাইকেলের চালকেরা। তেল ফুরিয়ে যাওয়ায় মোটরসাইকেল ঠেলে এক পাম্প থেকে অন্য পাম্পে যেতে হয়।
রমনা পেট্রলপাম্পে তেল নিতে আসা আমিনুজ্জামান বলেন, ‘গাড়িতে তেল নেই। সবখান থেকে বলছে তেল দেওয়া যাবে না। পাম্পের মালিকদের দাবি-দাওয়া আদায়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার মানে নাই।’
বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক বলেন, গত কয়েক বছরে পেট্রলপাম্প পরিচালনায় ব্যয় কয়েক গুণ বাড়লেও ২০১১ সালের হিসাবেই কমিশন দেওয়া হচ্ছে। কমিশন বৃদ্ধিসহ নানা দাবি ছয় বছরেও বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় কমিশন না বাড়লে পাম্প পরিচালনা করা সম্ভব নয়। জ্বালানি তেলের বিপণন ও পরিবহন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ায় প্রতীকী ধর্মঘট কর্মসূচি দেওয়া হয়েছে। পরিষদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে সড়ক ও জনপথের ইজারা মাশুল অস্বাভাবিক বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা, তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরি ভাড়া বাড়ানো, ট্যাংক-লরির শ্রমিকদের জন্য দুর্ঘটনা বিমা চালু এবং তা পাঁচ লাখ টাকা করা, ফেরিঘাটে ট্যাংক-লরিকে অগ্রাধিকার দেওয়া, ট্যাংক-লরি টার্মিনাল সংস্কার করা, ট্যাংক-লরি চলাকালে পুলিশের হয়রানি বন্ধ করা, পেট্রলপাম্প স্থাপনের নীতিমালা পুনর্বিন্যাস করা ইত্যাদি।