সক্রিয় ভূমিকা রাখতে সম্মত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন, ভারত ও মিয়ানমারকে যুক্ত করে প্রস্তাবিত অর্থনৈতিক করিডর উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ।
গতকাল রোববার ঢাকায় চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ এ অভিমত ব্যক্ত করেছে।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডর নিয়ে এই প্রথমবারের মতো সরকারি পর্যায়ের এ বৈঠকটি হয়েছে। বৈঠকে অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জনগণের মেলবন্ধের লক্ষ্যে যোগাযোগ নেটওয়ার্কের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। চীনের দেওয়া সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়েছে। ওই সমঝোতা স্মারকটি চূড়ান্ত হওয়ার পর বিসিআইএম করিডর প্রতিষ্ঠা জোরদারের লক্ষ্যে যৌথ কমিটি গঠন করা হবে।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। আর চীনের নেতৃত্ব দেন দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের উপপরিচালক লিন দাজিয়ান।
বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছে, চীনের প্রতিনিধিদলটি ভারতের সঙ্গে আলোচনার পর বাংলাদেশে বৈঠক করতে এসেছে। এরপর চীনের প্রতিনিধিদলটি মিয়ানমারের সঙ্গে বৈঠক করতে যাবে। ওই বৈঠকের পর আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর চীনের কুনমিংয়ে চার দেশের কর্মকর্তাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকটি হবে।
জানা গেছে, প্রস্তাবিত বিসিআইএম অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক জনপথ কীভাবে নির্মাণ হবে, সে বিষয়ে ডিসেম্বরের বৈঠকে আলোচনা হবে।