সক্রিয় রাজনীতিতে ফিরলেন সুরঞ্জিত আবার রেলের দায়িত্ব চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রণালয় হারানোর এক মাস পর সাংবাদিকদের ডেকে নিয়ে ‘যাত্রাবিরতি’ কাটিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। একই সঙ্গে ফেরত চাইলেন রেল মন্ত্রণালয়। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে আবারও রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে তিনি রাজি আছেন।গতকাল বুধবার রাজধানীর ঝিগাতলায় নিজের বাসার আঙিনায় সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এসব কথা বলেন। সংবাদ সম্মেলন শেষ করে পতাকাবাহী গাড়িতে করে সিলেটের উদ্দেশে রওনা দেন সুরঞ্জিত সেনগুপ্ত।দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, ‘রেলের বিভাগীয় তদন্তে মন্ত্রী হিসেবে আমি নির্দোষ। প্রাথমিকভাবে বিষয়টি স্পষ্ট হয়েছে। এক মাস এক দিন পর এখন আমি আবার রাজনীতিতে ফিরে যাব। জনগণের মধ্যে ফিরে যেতে চাই। তাদের মধ্যে থাকতে চাই। জনগণ আমার সম্পর্কে কী ধারণা করে, সেটি খুব গুরুত্বপূর্ণ।’সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চড়ালে তো চলবে না। কোথাকার কোন রেল অফিসার, এপিএসরা কোথায় কী করেছে, তাও তো আমি দায়িত্ব নিয়েছি। ছেলের অপরাধের জন্য বাবাকে দায়ী করা হয় না। আইনের চোখে, নীতি-নৈতিকতার প্রশ্নে, ন্যায়ত-ধর্মত এই ব্যাপারে আমি একেবারেই নিষ্কলুষ এবং নির্দোষ।’অর্থ কেলেঙ্কারির পর সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, এটি গোষ্ঠীবদ্ধ ষড়যন্ত্র। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনো আগের বক্তব্যে অটল আছি।’ অবশ্য ১৩ মে রেলের তদন্ত কমিটির প্রধান আবু তাহের বলেছিলেন, তদন্তে ষড়যন্ত্রের কোনো বিষয় পাওয়া যায়নি।গত ১৬ এপ্রিল রেলভবনে সংবাদ সম্মেলন ডেকে মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির দায় নিজের কাঁধে নিয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে পদত্যাগের ঘোষণা দেন সুরঞ্জিত। সে সময় তিনি বলেছিলেন, তিনি রাজনীতি থেকেও ‘যাত্রাবিরতি’ নিচ্ছেন। তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে আবার ফিরে আসবেন। ১৭ এপ্রিল সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়।অবশ্য তদন্তে নিজেকে নির্দোষ প্রমাণিত হওয়ার কথা বললেও অর্থ কেলেঙ্কারির সঙ্গে সুরঞ্জিতের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তই করা হয়নি। অর্থ কেলেঙ্কারি তদন্তে যে কমিটি করা হয়েছিল, সেটি সুরঞ্জিত মন্ত্রী থাকা অবস্থায় করেন। কমিটির প্রধান করা হয় রেলের মহাপরিচালক আবু তাহের এবং সদস্য রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শশী কুমার সিংহ। এই তদন্ত কমিটির কার্যপরিধি (টার্মস অব রেফারেন্স) ছিল চারটি। এর মধ্যে ছিল সুরঞ্জিতের অব্যাহতি পাওয়া সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার, রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা কমান্ড্যান্ট এনামুল হক ঘটনার রাতে টাকাসহ বিজিবিতে আটক হয়েছিলেন কি; মৃধার ঢাকায় অবস্থানের বিষয়ে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছিল কি না; পিলখানায় ধরা পড়া অর্থের সঙ্গে সরকারি কর্মকর্তা দুজনের সংশ্লিষ্টতা আছে কি না এবং সরকারি কর্মচারী আচরণবিধি ভঙ্গ করার মতো কোনো অপরাধ করেছেন কি না।এই তদন্ত কমিটি ফারুক, মৃৃধা, এনামুল, মৃধার চালক মোখলেছ ও কয়েকজন বিজিবি সদস্যের সঙ্গে কথা বলে প্রতিবেদন দিয়েছে। ঘটনার সবচেয়ে বড় প্রত্যেক্ষদর্শী ফারুকের গাড়িচালক আলী আজম খানের হদিস পাওয়া যায়নি। সুরঞ্জিত সেনগুপ্তকেও জিজ্ঞাসাবাদ করার সুযোগ ছিল না। শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বক্তব্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হয়েছে।এ ছাড়া তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে সুরঞ্জিত দোষী না নির্দোষ, সে বিষয়েও কিছু বলা হয়নি। প্রতিবেদনে কাউকে দোষীও করা হয়নি।রেলমন্ত্রীর দায়িত্বে আবার ফিরে যাবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল বলেন, ‘মন্ত্রিত্ব দেওয়ার এখতিয়ার তো সরকারের। প্রধানমন্ত্রী যদি আবার এ দায়িত্ব দেন; অতীতে যেমন পিছপা হইনি, এখনো পিছপা হব না।’ সুরঞ্জিত আরও বলেন, ‘আমি পদত্যাগ করেছিলাম যাতে তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। বলেছিলাম যতক্ষণ পর্যন্ত প্রাথমিক তদন্তে নির্দোষ প্রমাণিত না হব, ততক্ষণ এ দায়িত্ব নয়।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের জন্য কাজ করেন বলেই সাতবার নির্বাচিত হয়েছেন তিনি। মাত্র ৫৫ সেকেন্ডেই এ অর্জন শেষ হওয়ার নয়।তাঁর ছেলে সৌমেন সেনগুপ্তের আন্তর্জাতিক গেটওয়ে লাইসেন্স পাওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমার ছেলে রাজনীতি না করেও রাজনীতির ভুক্তভোগী হয়েছে।’