সক্ষমতার সূচকে আট ধাপ এগিয়েছে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব অর্থনৈতিক ফোরাম
বিশ্ব অর্থনৈতিক ফোরাম

ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে বিশ্বের ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১১০। আগের বছরের চেয়ে বাংলাদেশ এগিয়েছে আট ধাপ। ২০১২ সালে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮তম।বাংলাদেশ গত এক বছরে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা সূচকে ২১ এবং অবকাঠামো ও বাজারের আকার সূচকে দুই ধাপ উন্নতি করেছে। তবে আর্থিক বাজারের সংবেদনশীলতা, প্রাতিষ্ঠানিক ও শ্রমবাজারের দক্ষতা এবং প্রযুক্তিগত প্রস্তুতির সূচকে গত বছরের চেয়ে অবনতি হয়েছে।বিশ্ব অর্থনৈতিক ফোরাম নিয়মিতভাবে বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন প্রকাশ করে আসছে। গতকাল সোমবার ২০১৩-এর প্রতিবেদনটি প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একই সঙ্গে সিপিডি বাংলাদেশের ব্যবসার পরিবেশ নিয়েও একটি প্রতিবেদন প্রকাশ করে।অভিন্ন প্রশ্নপত্রে ১৪৮টি দেশের পাশাপাশি বাংলাদেশের ৭১ জন ব্যবসায়ী এ-সংক্রান্ত জরিপে অংশ নেন। জরিপের জন্য ২০১২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কে বিবেচনায় নেওয়া হয়েছে। আর জরিপটি করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে।প্রতিবেদন বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এক ও পাকিস্তান নয় ধাপ পিছিয়েছে। তবে শ্রীলঙ্কা এগিয়েছে তিন ও নেপাল পাঁচ ধাপ। আর গত বছরের মতো এবারও শীর্ষ তিন অবস্থানে আছে সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও ফিনল্যান্ড। এর পরের তিনটি স্থান জার্মানি, যুক্তরাষ্ট্র ও সুইডেনের। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। সঙ্গে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।

প্রতিযোগিতা সক্ষমতা সূচকে চলতি অর্থবছরে আট ধাপ এগিয়ে যাওয়াকে ‘অবশ্যই অগ্রগমন’ উল্লেখ করে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এটি অবশ্যই ইতিবাচক। তবে গত বছর আমরা যেটুকু পিছিয়ে গিয়েছিলাম, এ বছর সেটুকুই পূরণ করেছি মাত্র। স্কোরেও খুব একটা উন্নতি হয়নি। এমনকি আমরা যেভাবে এগোচ্ছিলাম, তাতে ১০০ তম দেশের মধ্যে প্রবেশ করতে পারিনি।’

তবে সক্ষমতায় এগিয়ে গেলেও গত এক বছরের ব্যবধানে দুর্নীতি বেড়েছে। ব্যবসায়ীদের দৃষ্টিতে ব্যবসার ক্ষেত্রে ১৬টি বড় সমস্যার মধ্যে দুর্নীতি পাঁচ বছর পর আবার প্রথম অবস্থানে ফিরে এসেছে। অন্য সমস্যাগুলো হচ্ছে: দুর্বল অবকাঠামো, নীতির ধারাবাহিকতা না থাকা, বিনিয়োগের জন্য অর্থ না পাওয়া, রাজনৈতিক অস্থিরতা, শিক্ষিত কর্মীর অভাব, করব্যবস্থার জটিলতা, অপরাধ, উদ্ভাবনী দক্ষতার অভাব, শ্রম আইনের সীমাবদ্ধতা ইত্যাদি।