সখীপুর পলাশতলী মহাবিদ্যালয়ে দুই অধ্যক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পলাশতলী মহাবিদ্যালয়ে বর্তমানে দুই শিক্ষকের উভয়ে নিজেকে অধ্যক্ষ দাবি করায় বিপাকে পড়েছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় প্রশাসন।ওই দুজনের মধ্যে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের প্রভাষক অরুপ রতন অপর অধ্যক্ষ দাবিদার জামাল হোসেনের বিরুদ্ধে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অন্যদিকে, অধ্যক্ষ দাবিদার জামাল হোসেন গত ২৩ মার্চ টাঙ্গাইল সহকারী জজ আদালতে কলেজের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির সভাপতি আশরাফ সিদ্দিকীসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। জানা যায়, ২০০০ সালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের অজপাড়াগাঁয়ে পলাশতলী মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে বিধি মোতাবেক জামাল হোসেনকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। জামাল হোসেন অভিযোগ করেন, ‘কোনো প্রকার চিঠি না দিয়েই আমাকে বরখাস্ত করে কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য গত ১৫ মার্চ জাতীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। আমি ওই দিনই কলেজের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে মামলা করি।’ অন্যদিকে, কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও অধ্যক্ষের দায়িত্ব পাওয়া অরুপ রতন বলেন, ‘বিধি মোতাবেক জামাল হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমাকে নির্বাহী কমিটি অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে। আমাকে বিরক্ত করায় জামাল হোসেনের বিরুদ্ধে সখীপুর থানায় জিডি করেছি।’ প্রসঙ্গত, পলাশতলী মহাবিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় মুজিব কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মানিক লাল ভৌমিক বলেন, ‘ওই দুজনই অধ্যক্ষ হিসেবে নিজেদের পরিচয় দিয়ে কেন্দ্রে এলে আমি বিপাকে পড়ে যাই।’ এ ব্যাপারে পলাশতলী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির সভাপতি কাজী আশরাফ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, জামাল হোসেন অধ্যক্ষ ছিলেন, তবে এখন নেই। বিধি মোতাবেক তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।