সখীপুর-সাগরদীঘি সড়কে বড় বড় গর্ত যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর-সাগরদীঘি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বাস, ট্রাক, টেম্পুসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ছে। ফলে ঢাকা ও টাঙ্গাইলগামী যাত্রী এবং স্থানীয় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সখীপুর কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, দুই বছর আগে সখীপুর-সাগরদীঘি ১৮ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শেষ হয়। মাত্র এক বছরেই সড়কের বিভিন্ন স্থানে পিচ, ইট, সুরকি উঠে গর্তের সৃষ্টি হয়। এ বছর গর্ত আরও বেড়েছে। ওই সব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সরেজমিনে সখীপুর পৌরসভার শৌখিন মোড়, কচুয়া বাজার ও সাগরদীঘি বাজার এলাকার সড়কে বড় বড় গর্ত দেখা গেছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। শৌখিন মোড় এলাকার দোকানি আবুল হোসেন জানান, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুই দিন আগেও এই এলাকায় রিকশা উল্টে দুই যাত্রী আহত হয়। এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, সড়কের বেহাল দশার কারণে রিকশার ভাড়াও দ্বিগুণ হয়ে গেছে। সখীপুর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিক-ই-রাসেল বলেন, ‘রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ এটি সড়ক নয়, যেন নরক।’ এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুল গফুর বলেন, লোকজনের চলাচল স্বাভাবিক রাখতে সাময়িকভাবে গর্তগুলো ভরাট করার ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।