সখীপুরে অধ্যক্ষ ও গাংনীতে ব্যবসায়ী খুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার পলাশতলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জামাল হোসেনকে গতকাল বৃহস্পতিবার খুন করেছে দুর্বৃত্তরা। মেহেরপুরের গাংনী উপজেলায় গত বুধবার রেজাউল হক (৩৭) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশ ও পারিবারিক সূত্রগুলোর বক্তব্য মতে, জামাল গতকাল দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। তিনি কাকড়াজান ইউনিয়নের গোবরচাকা গ্রামের তালুকদারের পুকুরপাড়ে পৌঁছালে তাঁর ছোট ভাই মিন্টু, প্রতিবেশী মালেক ও শমসের জামালকে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর দুই পা ও একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন করে। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্র জানায়, মিন্টু ও মালেকের সঙ্গে জামালের মামলা রয়েছে।সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে জামালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেহেরপুরে ব্যবসায়ী রেজাউল হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে গাংনী পৌর এলাকার ভিটাপাড়ার একটি মাঠে তাঁর লাশ দেখতে পেয়ে নৈশ প্রহরীরা পুলিশে খবর দেয়। গতকাল ভোরে তাঁর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইটভাটার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, খাজা আহমেদ, জুয়েল রানা ও শম্ভু দাস নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।রেজাউলের স্ত্রী রোকসানা বেগম জানান, দুর্বৃত্তরা ১০ লাখ টাকা চাঁদা চেয়ে মুঠোফোনে প্রায়ই তাঁকে হুমকি দিত। বুধবার সকালে রেজাউল ইটভাটার ব্যবস্থাপক রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু ওই দিন দুপুর থেকে তিনি নিখোঁজ হন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় রেজাউলের স্ত্রী নয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।